POPULAR BD NEWS
Popular BD News Logo

যাত্রীদের চাপে চাঁদপুরের লঞ্চ চলাচলের সময় বাড়ল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: আগস্ট ২, ২০২১ | সময়: ১:৩৩ পূর্বাহ্ণ

পোশাক শ্রমিকদের ঢাকা নিতে সীমিত সময়ের জন্যে লঞ্চ ও বাস চলাচলের অনুমতি দিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ। এই ঘোষণার পর ১ আগস্ট রোববার ভোর ৬টা থেকে চাঁদপুর থেকে ঢাকা অভিমুখে লঞ্চ চলাচল শুরু হয়। এর ফলে কাজে যোগ দিতে ভোর থেকেই চাঁদপুর লঞ্চঘাটে ঢাকামুখী যাত্রীদের যেন ঢল নামে। চাঁদপুরসহ আশপাশের জেলার হাজার হাজার যাত্রী চাঁদপুর ঘাটে ভিড় জমায়।

হঠাৎ করে যাত্রীদের চাপ এবং স্বাস্থ্যবিধি রক্ষায় বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ প্রতিটি লঞ্চকে নির্দিষ্ট সময়ের আগে ঘাট ছাড়তে বাধ্য করে। তাদের সহায়তা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট রিক্তা খাতুনের নেতৃত্বে জেলা ও নৌ পুলিশের সদস্যরা।

সরেজমিনে লঞ্চঘাটে গিয়ে দেখা যায়, পোশাক শ্রমিকদের চেয়ে সাধারণ যাত্রীর চাপ ছিল বেশি। এ জন্য লঞ্চ মালিক কর্তৃপক্ষ ঢাকা থেকে অতিরিক্ত লঞ্চের ব্যবস্থা করে। যাত্রীদের সাথে কথা বললে তারা জানান, ঈদে বাড়ি ফেরার পর কঠোর বিধিনিষেধে আটকা পড়েন তারা। তাই এখন একটু সুযোগ পাওয়ায় কর্মস্থলে ফিরে যাচ্ছেন। অনেকেই চাকরিতে যোগদান এবং চিকিৎসা নিতেও যাচ্ছেন।

নৌ পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাহিদুল ইসলাম বলেন, নির্দিষ্টসংখ্যক যাত্রী ওঠার পর লঞ্চগুলো সময়ের আগেই ঘাট ছাড়া নিশ্চিত করা হয়েছে।

চাঁদপুর বিআইডব্লিউটিএর উপ পরিচালক কায়সারুল আলম জানান, আমরা ভোর থেকে ঘাটে অবস্থান করছি, যাতে কোনো লঞ্চে অধিক যাত্রী না উঠতে পারেন। তা ছাড়া প্রতিটি লঞ্চে জেলা প্রশাসনের কর্মকর্তারা ঘুরে ঘুরে দেখেন, সেখানে স্বাস্থ্যবিধি মানা হচ্ছে কি না।’

এদিকে সবশেষ খবরে জানা যায়, রপ্তানিমুখী শিল্প-কারখানায় কাজে যোগ দিতে শ্রমিকদের পরিবহনের জন্য লঞ্চ চলাচলের সময় বাড়িয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। সংস্থাটির নতুন সিদ্ধান্ত হলো, যাত্রী বেশি থাকায় ২ আগস্ট সোমবার সকাল ৬টা পর্যন্ত লঞ্চ চলাচল করবে।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন