জন্মের তিন মাস পর মা মারা যান। জন্মের আগেই অন্যত্র চলে গেছেন বাবা। মা-বাবা দুইজনকেই দেখেনি সাকিব। ছোট মামার আদরে বেড়ে উঠছে। পড়ালেখা করছে হাজীগঞ্জ উপজেলার ৫নং সদর ইউনিয়নের বাড্ডা পূর্বপাড়া হাফেজিয়া মাদ্রাসার হেফজ বিভাগে।
অন্যদিকে সাকিবুল পড়েন হাজীগঞ্জ-রামগঞ্জ সড়কের পাশে রান্ধুনীমুড়া রাহমাতুল্লিল আলামিন মাদ্রাসা ও এতিমখানায়। তার বাবা গাছ থেকে পড়ে মারা যান। মা অন্যত্রে বিয়ে করে চলে যান। খালার আদর যত্মে বেড়ে উঠছে সাকিবুল।
পপুলার বিডিনিউজে ‘চোখের আড়াল’ নামে ধারাবাহিক প্রতিবেদনের কয়েকজন এতিম শিশুদের মধ্যে এই সাকিব ও সাকিবুল। তাদের প্রতিবেদন দেখে নাম প্রকাশে অনিচ্ছুক প্রবাসী ৪৮ হাজার টাকা প্রদান করেন। এই দুই এতিম শিশুর এক বছরের খরচা বাবদ ২৪ হাজার টাকা করে প্রদান করা হয়।
সোমবার বিকালে পপুলার বিডিনিউজ কার্যালয়ে হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশীদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই অর্থ প্রদান করেন।
প্রধান অতিথি তার বক্তৃতায় মানবিক সেবায় এগিয়ে আসায় প্রবাসীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি পপুলার বিডিনিউজে সমাজের মানবিক চিত্র তুলে ধরার প্রশংসা করেন তিনি।
পপুলার বিডিনিউজের সম্পাদক মনিরুজ্জামান বাবলুর সার্বিক ব্যবস্থাপনায় ওইসময় উপস্থিত ছিলেন প্রবাসীর পক্ষে জাতীয় মানবাধিকার ইউনিটের হাজীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক ও পৌর যুবলীগের সম্মানিত সদস্য শরীফুল ইসলাম, পপুলার বিডিনিউজের প্রকাশক মেহেদী হাসান ফিরোজ, নির্বাহী সম্পাদক শামছুজ্জামান শামছু মুন্সী, পৌর আওয়ামীলীগের দপ্তর সম্পাদক মহিবুল ইসলাম মাছুম ও যুগ্ম বার্তা সম্পাদক মজিব পাটোয়ারী।
অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন সাকিব ও সাকিবুলের অভিভাবক এবং মাদ্রাসার শিক্ষক প্রতিনিধিসহ পপুলার বিডিনিউজের কলা-কৌশলী বিলকিস ওয়াসিফা, হাবিবা আক্তার ইভা, আসিফ মুস্তাকিম শাওন ও হোসেন বেপারী প্রমুখ।