POPULAR BD NEWS
Popular BD News Logo

লকডাউনে ঘুরতে যাওয়ায় ১৫ মিনিট বসিয়ে দর্শনার্থীদের শাস্তি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুলাই ৯, ২০২১ | সময়: ৯:১৭ অপরাহ্ণ
লকডাউনে পর্যটনকেন্দ্রে আসায় দর্শনার্থীদের ব্যতিক্রমী শাস্তি

চাঁদপুরে কঠোর লকডাউনের মধ্যে পর্যটনকেন্দ্রে ঘুরতে আসা দর্শনার্থীদের ১৫ মিনিট বসিয়ে রেখে ব্যতিক্রমী শাস্তি দেওয়া হয়েছে। শুক্রবার  বিকেলে চাঁদপুরের বড়স্টেশন মোলহেডে জেলা প্রশাসন ও বিজিবি সদস্যরা অভিযান পরিচালনা করে দর্শনার্থীদের এ শাস্তি দেন।  

জানা গেছে, চাঁদপুর শহরের একমাত্র পর্যটন এলাকা বড়স্টেশন মোলহেড। এখানে সব সময় লোক সমাগম থাকে। কঠোর বিধিনিষেধের মধ্যেও মানুষজন এখানে এসে জড়ো হয়। লকডাউনের শুরু থেকেই বড়স্টেশন মোলহেডে পুলিশ, বিজিবি, সেনাবাহিনী ও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটরা অভিযান পরিচালনা করে আসছেন। তারই ধারাবাহিকতায় শুক্রবার (০৯ জুলাই) বড়স্টেশন মোলহেডে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) মুহাম্মদ হেলাল চৌধুরীর নেতৃত্বে বিজিবি সদস্যরা অভিযান চালান। এ সময় বিজিবি দেখে দৌড়ে পালানোর চেষ্টা করেন সেখানে ঘুরতে আসা দর্শনার্থীরা। মোলহেডের চারপাশ ঘিরে ফেলেন বিজিবি সদস্যরা। পরে আটক দর্শনার্থীদের এখানে না আসার প্রতিজ্ঞা করিয়ে প্রায় ১৫ মিনিট বসিয়ে রেখে শাস্তি দেওয়া হয়।

চাঁদপুর পৌরসভার কাউন্সিলর ( ৭, ৮ ও ৯ নম্বর ওয়ার্ড) ফরিদা ইলিয়াস বলেন, আমি এখানে প্রতিদিন এসে মানুষদের সচেতন করি। লকডাউনে বড়স্টেশন মোলহেডে আসায় নিষেধাজ্ঞা রয়েছে। তারপরও কিছু মানুষ এখানে এসে নিয়ম ভঙ্গ করে। পুলিশ থাকলেও তাদের কথা অনেকে শোনে না। আমরা চেষ্টা করবো, যাতে কেউ এখানে এসে ভিড় না জমায়।

সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হেলাল চৌধুরী বলেন, জেলা প্রশাসকের নির্দেশে আমরা কঠোরভাবে মাঠে কাজ করে যাচ্ছি। শহরে অযথা কেউ বের হলে মোবাইল কোর্টে জরিমানা করা হচ্ছে। শুক্রবার বিকেলে বড়স্টেশন মোলহেডে কিছু মানুষ জড়ো হয়। তাদেরকে মোবাইল কোর্টে জরিমানা না করে শাস্তি হিসেবে বসিয়ে রেখে ছেড়ে দেওয়া হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন