POPULAR BD NEWS
Popular BD News Logo

খাদ্য সহায়তা পাচ্ছে এক কোটি পরিবার : ওবায়দুল কাদের

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৭, ২০২১ | সময়: ১২:৩৪ অপরাহ্ণ
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, অসহায় খেটে খাওয়া মানুষের আর্থিক ও খাদ্য নিরাপত্তায় সরকার নানামুখী উদ্যোগ নিয়েছে। আসন্ন ঈদে প্রায় এক কোটি পরিবারকে দেওয়া হচ্ছে খাদ্য সহায়তা।

রাজধানীর সরকারি বাসভবনে মঙ্গলবার আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দুর্যোগে পরস্পরের পাশে দাঁড়ানোর মধ্য দিয়েই মানুষের মানবিকতা ফুটে ওঠে। তাই সরকারের পাশাপাশি দলীয় নেতাকর্মী, জনপ্রতিনিধি ও সামর্থ্যবানরা অসহায় মানুষের পাশে দাঁড়ান।

যে কোনো মহামারি রোধে প্রতিকারের চেয়ে প্রতিরোধই উত্তম ব্যবস্থা উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, করোনা মহামারি থেকে সুরক্ষা পেতে সবার সর্বোচ্চ মাত্রার সচেতনতার মধ্য দিয়ে প্রতিরোধ ব্যবস্থা জোরদার করতে হবে। সামান্য অবহেলা বা উদাসীনতা শুধু নিজের নয়, পুরো পরিবারকে চিরচেনা জগৎ থেকে ছিটকে দিতে পারে। এজন্য সবাইকে সচেতন থাকতে হবে।

দেশের বিভিন্ন স্থানে কয়েকটি নদীর পানি প্রবাহ বেড়ে বন্যার আশঙ্কা তৈরি হচ্ছে মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, যেসব এলাকায় পানি প্রবাহ বেড়েছে, সেসব এলাকায় বন্যার সম্ভাব্য ক্ষয়ক্ষতি এবং জনগণের ভোগান্তি কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ী প্রস্তুতি নেওয়া হয়েছে। দুর্যোগ ও সংকটে আওয়ামী লীগই সবার আগে জনগণের পাশে দাঁড়ায়। যারা মিডিয়ায় কথামালার ঝড় তোলে, তারা জনগণের দুঃখ-দুর্দশা থেকে নিরাপদ দূরত্বে অবস্থান করে। ‘মেগা প্রকল্পের বরাদ্দ কমিয়ে করোনার জন্য অর্থসংস্থানের ব্যবস্থা করা হোক’-বিএনপি নেতাদের এমন বক্তব্য প্রসঙ্গে সেতুমন্ত্রী বলেন, করোনার জন্য সরকার পর্যাপ্ত বরাদ্দ রেখেছে। এক্ষেত্রে অর্থসংস্থানের কোনো ঘাটতি নেই এবং হবেও না। করোনার টিকা সংগ্রহসহ সব সম্ভাব্য ব্যয় মেটাতে প্রধানমন্ত্রী বিধিবিধান প্রতিপালন সাপেক্ষে অত্যন্ত উদার বলেও জানান তিনি। তিনি বলেন, বিএনপি মেগা প্রকল্প বাস্তবায়নের সক্ষমতা দেখাতে পারেনি বলে এখন মেগা প্রকল্পের বিরোধিতায় নেমেছে। তারা দেশের উন্নয়ন চায় না, তারা তাদের সময়ে উন্নয়নের নামে করেছে লুটপাট।

দেশের অর্থনৈতিক সক্ষমতা এখন অনেক শক্তিশালী জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বর্তমানে বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৪৬ বিলিয়ন ডলার ছাড়িয়েছে, আর প্রবাসী আয় বেড়ে দাঁড়িয়েছে ২৪ দশমিক ৭৮ বিলিয়ন ডলার। করোনাকালেও রপ্তানি আয় বেড়েছে। তাই মেগা প্রকল্পের বরাদ্দ কাটছাঁটের উদ্ভট প্রস্তাব উদ্দেশ্যমূলক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন