POPULAR BD NEWS
Popular BD News Logo

জিম্বাবুয়ের সাথে টি–টোয়েন্টি খেলবেন না তামিম!

স্পোর্টস ডেস্ক | প্রকাশিত: জুলাই ৬, ২০২১ | সময়: ১:০১ অপরাহ্ণ
ডান হাঁটুর চোটটা বয়ে আনেন শ্রীলঙ্কা সফর থেকে। কিছুটা সুস্থ হয়ে প্রিমিয়ার ক্রিকেট লিগে খেললেও ব্যথা বাড়তে থাকায় সুপার লিগ থেকে সরে দাঁড়ান। তবু অনিশ্চয়তা ঝেড়ে ফেলতে পারেননি তামিম ইকবাল।

হারারেতে জিম্বাবুয়ের বিপক্ষে আগামীকাল থেকে শুরু একমাত্র টেস্টে তামিম খেলবেন কি না, সেটি গতকাল পর্যন্তও নিশ্চিত ছিল না। তবে এটা এখনই নিশ্চিত যে তামিম সফরের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজটি খেলছেন না। না খেলার সমূহ সম্ভাবনা আগস্ট–সেপ্টেম্বরে দেশের মাটিতে অনুষ্ঠেয় অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডের বিপক্ষে টি–টোয়েন্টির হোম সিরিজেও।

জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে যে তামিম অনিশ্চিত, সেটি হারারে থেকে দেওয়া এক ভিডিও বার্তায় কাল কোচ রাসেল ডমিঙ্গোই বলেছেন, ‘তামিমের খেলা এখনো পুরোপুরি নিশ্চিত নয়। তাকে নিয়ে সংশয় আছে। টেস্টে তার খেলার ব্যাপারে আরও পরে সিদ্ধান্ত নেওয়া হবে।’ কাল থেকেই যেহেতু টেস্ট, সে সিদ্ধান্ত হয়ে যাওয়ার কথা আজই।

তামিমের না খেলাটা বড় ধাক্কাই হবে দলের জন্য। তিনি ছাড়া দলে আর কোনো ওপেনারই যে থিতু নন! ব্যাট হাতে ভালো সময়ই যাচ্ছিল তামিমের। টেস্টে সর্বশেষ ৫ ইনিংসের চারটিতেই করেছেন ফিফটি, যার দুটি থেমেছে ৯০-এর ঘরে। প্রতিপক্ষ জিম্বাবুয়ে হলে তো কথাই নেই! জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ১১ ইনিংসে ৪২ গড়ে দুই সেঞ্চুরি ও এক ফিফটিতে ৪৬৩ রান তাঁর।

দলের সঙ্গে হারারে গেলেও পুরোপুরি ব্যথামুক্ত ছিল না তামিমের ডান হাঁটু। সেটি আরও বেড়ে যায় প্রস্তুতি ম্যাচে ব্যাটিংয়ের সময়। তারপরও চোটটা এখনো সহনীয় পর্যায়েই আছে। বিসিবির চিকিৎসক দেবাশিস চৌধুরীর কথা, ‘তামিমের চোট এমন কিছু নয় যে অস্ত্রোপচার করাতে হবে। কিছুদিন বিশ্রাম নিলেই ঠিক হয়ে যাবে। ব্যথা কমার ওপরই নির্ভর করছে সবকিছু।’ কাজেই আপাতত বিশ্রামই একমাত্র ‘চিকিৎসা’ তামিমের। আর ব্যথা নিয়েও খেলা চালিয়ে গেলে চোটের মাত্রা বেড়ে যেতে পারে এবং প্রয়োজন হতে পারে অস্ত্রোপচারের। তখন লম্বা সময়ের জন্য মাঠের বাইরে চলে যেতে হতে পারে তামিমকে।

সূত্র: প্রথম আলো

 

 

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন