POPULAR BD NEWS
Popular BD News Logo

নেত্রকোনার লজ্জাবতী বানর উদ্ধার

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৪, ২০২১ | সময়: ১১:৫৪ অপরাহ্ণ

নেত্রকোনার দুর্গাপুরে একটি বিলুপ্ত প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করা হয়েছে। আজ রোববার সকালে দুর্গাপুর ইউনিয়নের আগাড় গ্রামের সোমেশ্বরী নদীর চর থেকে বানরটি উদ্ধার করা হয়। পরে বন বিভাগ ও প্রাণিসম্পদ কার্যালয়ের লোকজন স্থানীয় পাহাড়ে বানরটিকে ছেড়ে দেন।

এলাকার কয়েকজন বাসিন্দা ও উপজেলা বন বিভাগ সূত্রে জানা গেছে, আজ সকাল নয়টার দিকে আগাড় গ্রামের সামনে সোমেশ্বরী নদীর চরে কয়েকটি ছোট ছেলেমেয়ে লজ্জাবতী বানর দেখতে পায়। পরে তারা বানরটিকে তাড়া দেয়। এ সময় আমিন খান নামের এক যুবক প্রাণিটিকে উদ্ধার করেন। খবরটি ছড়িয়ে পড়লে উৎসুক জনতা তা দেখতে বালুচরে ভিড় জমায়।

উপজেলার প্রাণী রক্ষাকারী সংগঠন সেভ দ্য অ্যানিমেল অব সুসং–এর সদস্য রাজেশ গৌড়সহ কয়েকজন প্রাণিসম্পদ ও বন কর্মকর্তাদের খবর দেন। পরে তাঁরা বানরটিকে উদ্ধার করে বন বিভাগের কাছে হস্তান্তর করেন। বেলা ১১টার দিকে উপজেলা বন কর্মকর্তা সাইদুল ইসলামের নেতৃত্বে স্থানীয় গোপালপুর পাহাড়ে লজ্জাবতী বানরটি অবমুক্ত করা হয়।

বন কর্মকর্তা সাইদুল ইসলাম বলেন, দুর্গাপুর উপজেলাটি একটি সীমান্তবর্তী অঞ্চল। প্রায় সময় বানর, অজগরসহ বিভিন্ন বন্য প্রাণী ধরা পড়ে। ধারণা করা হচ্ছে, লজ্জাবতী বানরটি খাবারের সন্ধানে লোকালয়ে চলে এসেছিল।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন