POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে মানুষকে ঘরে ফেরাতে তৎপর রয়েছে প্রশাসন

মো: মজিব পাটোয়ারী | প্রকাশিত: জুলাই ৩, ২০২১ | সময়: ৭:৫৯ অপরাহ্ণ

মহামারি করোনাভাইরাস সংক্রমণ উদ্বেগজনক হারে বেড়ে যাওয়ায় গত বৃহস্পতিবার (০১ জুলাই) থেকে ৭ দিনের জন্য কঠোর লকডাউন শুরু হয়। সরকারি বিধিনিষেধ বাস্তবায়নে বেসামরিক প্রশাসনকে সহায়তা করতে সারাদেশেই সেনা মোতায়েন করা হয়। এছাড়া ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় মাঠে রাখা হয়েছে নির্বাহী ম্যাজিস্ট্রেট।

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে জারি করা ‘লকডাউন বা কঠোর বিধিনিষেধের’ তৃতীয় দিন চলছে। আজ সরেজমিনে দেখা যায়, গত দুই দিন আইন প্রয়োগকারী সংস্থাগুলো কঠোর অবস্থানের ধারাবাহিকতা অব্যাহত রাখার পরও হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন সড়কসহ অলিগলিতে ‘অপ্রয়োজনে’ বের হচ্ছেন অনেকেই। দোকানপাট বন্ধ থাকলেও অনেককে শাটার বন্ধ করে বেচাকেনা করতে দেখা গেছে।

এদিকে আগের মতোই তৎপর রয়েছে জেলা ও উপজেলা প্রশাসন সহ সেনা-পুলিশ-বিজিবি। একইসঙ্গে হাজীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালতেরও তৎপরতা লক্ষ্য করা গেছে।

দুপুরে হাজীগঞ্জ উপজেলার বাকিলা, রামপুর, বলাখাল, বেলচোঁ বাজার সহ বিভিন্ন স্হানে নির্বাহী ম্যাজিস্ট্রেট উজ্জ্বল হোসেন ও বিজিবি, পুলিশের টহল দিতে দেখা যায় সেইসাথে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে জরিমানা আদায় করেন।

এমন কড়াকড়ি উপেক্ষা করেও হাজীগঞ্জে উৎসুক জনতা- লকডাউন কেমন চলছে তা দেখতে বাড়ির বাইরে বেরিয়ে আসছেন, তাদের কাউকে কাউকে বের হওয়া পক্ষে ঠুনকো অজুহাত দেখাতে দেখা গেছে। অথচ, সরকারের নির্দেশনা ছিলো- খুব জরুরি না হলে বের হওয়া যাবে না, আর জরুরি কাজে বের হলেও এ সংক্রান্ত প্রমাণ উল্লেখ করতে হবে। পরিস্থিতিতে সময় যতোই অতিক্রান্ত হচ্ছে ততোই বিধি ভঙ্গের কারণে ধরপাকড় করার তথ্য পাওয়া যাচ্ছে। সড়কের মোড়ে মোড়ে এবং অলিগলিতে ব্যাপক তল্লাশিও অব্যাহত রেখেছে প্রশাসন।

এদিকে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোমেনা আক্তার বিকালে ভ্রাম্যমাণ আদালতে ৪মামলায় এক হাজার টাকা জরিমানা আদায় করেন।

হাজীগঞ্জ উপজেলার নির্বাহী অফিসার মোমেনা আক্তার পপুলার বিডিনিউজকে জানান, প্রশাসনের নিষেধাজ্ঞার পরও যারা যৌক্তিক কারণ ছাড়া সড়কে বের হচ্ছেন কিংবা স্বাস্থ্যবিধি লঙ্ঘন করছেন, তাদেরকেই আইনের আওতায় আনা হচ্ছে। জনসাধারণকে ঘরে থাকার অনুরোধ জানানো হয়েছে। এতকিছুর পরও মানুষ নানা বাহানায় বাইরে বের হচ্ছেন। তাদের মধ‌্যে মাস্ক ব্যবহারেও অনীহা দেখা গেছে। জরিমানা করে তাদের সতর্ক করা হচ্ছে। এবং লকডাউন কার্যকর করতে এসব অভিযান অব্যাহত থাকবে।

ওইসময় উপস্থিত ছিলেন, হাজীগঞ্জ থানা অফিসার ইনচার্জ হারুনুর রশিদ, ওসি তদন্ত ইব্রাহিম খলিল,
বাজার ব্যাবসায়ী সমিতির সাধারণ সম্পাদক হায়দার পারভেজ সুজন, প্যানেল মেয়র জাহিদুল আজহার আলম, কাউন্সিলর, শাহ-আলম, হাজী মো: কবির হোসেন কাজী, আলাউদ্দিন মুন্সী প্রমুখ।

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন