POPULAR BD NEWS
Popular BD News Logo

চার ফ্লাইটে দেশে আসলো ৪৫ লাখ ডোজ টিকা

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: জুলাই ৩, ২০২১ | সময়: ২:০৫ অপরাহ্ণ

কয়েক ঘণ্টার ব্যবধানে চারটি ফ্লাইটে দেশে এসেছে করোনাভাইরাসের ৪৫ লাখ ডোজ টিকা। শুক্রবার রাত থেকে শনিবার সকাল পর্যন্ত চারটি ফ্লাইটে ৪৫ লাখ টিকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছায়।

স্বাস্থ্য মন্ত্রণালয় সূত্র জানায়, শুক্রবার রাতে দুটি ফ্লাইটে যুক্তরাষ্ট্রের কোম্পানি মডার্নার তৈরি প্রায় ১৩ লাখ এবং চীনের সিনোফার্মের ১০ লাখ ডোজ টিকা আসে।

বিমানবন্দরের দায়িত্বরত স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাজ্জাদ হোসেন সাংবাদিকদের জানিয়েছেন, শনিবার ভোর সাড়ে ৫টায় একটি এবং সকাল পৌনে ৯টায় আরেকটি ফ্লাইটে বাকি টিকা এসেছে।

টিকার দুটি চালান বুঝে নেওয়ার পর রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক সাংবাদিকদের বলেন, টিকার সংকটে দেশে গণ টিকাদান কর্মসূচিতে ছন্দপতন হয়েছিল। এসব টিকা আসায় গণটিকাদান কর্মসূচি আবারও গতি পাবে।

তিনি বলেন, টিকাদান কার্যক্রম আমরা জোরেশোরেই শুরু করেছিলাম। টিকা না পাওয়ায় মাঝখানে কিছুদিনের জন্য টিকাদান কার্যক্রম বন্ধ ছিল। এখন আমরা আনন্দের সাথে বলতে পারি, আগামীতে টিকার আর কোনো অভাব হবে না।

স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, ঢাকায় সিনোফার্মের টিকা দেওয়া হচ্ছে ৪০টি কেন্দ্রে। আর ফাইজারের টিকা দেওয়া হচ্ছে সাতটি কেন্দ্রে।

সূত্রঃ যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন