POPULAR BD NEWS
Popular BD News Logo

ডলি সায়ন্তনী কী করছেন!

বিনোদন ডেস্ক | প্রকাশিত: জুন ২৫, ২০২১ | সময়: ১২:৩৭ অপরাহ্ণ

‘একটা সময় গেছে ঘুম থেকে উঠেই স্টুডিওতে ছুটতে হতো। এক স্টুডিওর কাজ শেষ করে আরেক স্টুডিওতে যাওয়াটা ছিল নিত্যদিনের রুটিন। কখনো সিনেমার গান, কখনো একক অ্যালবাম, আবার কখনোবা মিক্সড অ্যালবামের গান। এখনকার চিত্রটা একেবারেই উল্টো। কাজ অনেক কমে গেছে। তারপরও নিজের জন্য নিজের মতো করে নতুন গান গাইছি,’ বলেন ডলি সায়ন্তনী।

বেশ কয়েক বছর পর মঙ্গলবার রাতে নতুন একটি চলচ্চিত্রের দুই গানে কণ্ঠ দিলেন ডলি সায়ন্তনী। একই সিনেমার দুই গানে শেষ কবে কণ্ঠ দিয়েছেন, মনে করতে পারলেন না এই শিল্পী।

‘দুহাত বাড়াও’ শিরোনামের রোমান্টিক গানটি দ্বৈত আর আইটেম ঘরানার ‘নাচুনি বুড়ি’ একক। গান দুটি সম্পর্কে এমন তথ্যই জানিয়েছেন ডলি। তাঁর গাওয়া চলচ্চিত্রের নতুন গান দুটি ‘ভুল মানুষ’ চলচ্চিত্রে ব্যবহৃত হবে। পরিচালক ও নায়ক-নায়িকা এখনো চূড়ান্ত করা হয়নি, জানালেন তিনি। ডলির ভাষ্য, প্রযোজক কয়েকজন নায়ক-নায়িকার সঙ্গে কথা বলেছেন, শেষ পর্যন্ত যাঁদের সঙ্গে ব্যাটে-বলে মিলবে, তাঁদের ছবিটির অভিনয়শিল্পী হিসেবে দেখা যাবে।

ডলি বৃহস্পতিবার দুপুরে বললেন, ‘আমরা যখন কাজ করেছি, চলচ্চিত্র নির্মাণ হতো অনেক। অডিও অঙ্গনও ছিল মুখর। অনেক বেশি গান হতো। আমাদেরও এক সিনেমায় দুই-তিনটি গান গাওয়া স্বাভাবিক ছিল। এখন এটা শুনতে অবাক লাগে। অথচ সময়ের সঙ্গে যেখানে সিনেমা নির্মাণ বাড়ার কথা, এমনকি বড় বাজেটের বেশি বেশি ছবি হওয়ারই কথা, আমাদেরও অনেক বেশি ব্যস্ত থাকার কথা—ঘটেছে উল্টো। যতই দিন যাচ্ছে, ততই যেন ছবি কমছে। অনেক বছর পর একই চলচ্চিত্রের দুটি গান গেয়ে ভালো লেগেছে। সুন্দর দুটি গান। একটি মেলোডিয়াস, অন্যটি রিদমিক।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন