POPULAR BD NEWS
Popular BD News Logo

যে সূরার আমলে কবরের আজাব থেকে সুরক্ষা পাবে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জুন ৮, ২০২১ | সময়: ৬:৫৯ অপরাহ্ণ

প্রিয় নবী ‘রাসূলুল্লাহ (সা.)- আলিফ লাম মীম তানজিলুল কিতাব (সূরা আস-সাজদা) ও তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু (সূরা মুলক) তেলাওয়াত না করে কোনোদিন ঘুমাতেন না।’ (সুনানে আত-তিরমিযী ২৮৯২, মুসনাদে আহমাদ ১৪২৯। শায়খ আলবানীর মতে হাদিসটি সহিহ, সহিহ তিরমিযী ৩/৬)।

আব্দুল্লাহ ইবনে মাসউদ (রা,) বলেছেন, ‘যে ব্যক্তি প্রতিদিন রাতের বেলা তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক (সূরা মুলক) তেলাওয়াত করবে আল্লাহ তাকে কবরের আজাব থেকে রক্ষা করবেন। রাসূলুল্লাহ (সা.) এর যামানায় এই সূরাটিকে আমরা ‘আল-মা’আনিয়াহ’ বা সুরক্ষাকারী বলতাম। যে রাতের বেলা এই সূরাটি পড়বে সে খুব ভালো একটা কাজ করলো।’ (সুনানে আন-নাসায়ী ৬/১৭৯। শায়খ আলবানীর মতে হাদিসটি হাসান সহিহ, সহিহ আত-তারগীব ওয়াল তারহীব ১৪৭৫)।

এই সূরা প্রত্যেকদিন রাতের বেলা তেলাওয়াত করলে কেয়ামতের দিন শাফায়াত করে জান্নাতে নিয়ে যাবে ইনশাআল্লাহ!

রাসূলুল্লাহ (সা,) বলেছেন, ‘কোরআনে এমন একটা সূরা আছে যার মধ্যে ৩০টা আয়াত রয়েছে যেটা একজন ব্যক্তির জন্য সুপারিশ করবে এবং তাকে ক্ষমা করে দেয়া হবে। আর সেটা হলো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু (সূরা মুলক)।’ (সুনানে আত-তিরমিযী ২৮৯১, সুনানে আবু দাউদ ১৪০০, মুসনাদের আহমাদ, ইবনে মাজাহ ৩৭৮৬)।

ইমাম তিরমিযী বলেছেন হাদিসটি হাসান, ইবনে তাইমিয়্যা বলেছেন সহিহ মাজমু ২২/২২৭, শায়খ আলবানীর মতে হাদিসটি সহিহ, সহিহ তিরমিযী ৩/৬, সহিহ ইবনে মাজাহ ৩০৫৩)।

সূরা আল-মূলক পবিত্র কোরআন শরিফের ৬৭তম সূরা। এই সূরার আয়াত সংখ্যা ৩০, রুকু আছে ২টি। সূরা আল-মূলক মক্কায় অবতীর্ণ হয়। সূরা আল মূলকের নামের অর্থ, সার্বভৌম কর্তৃত্ব। এই সূরা পবিত্র কোরআন শরিফের ২৯ নম্বর পারায় আছে।

সূরা আল-মূলকের পূর্ববর্তী সূরা হচ্ছে সূরা আত-তাহরীম, আর পরবর্তী সূরা হচ্ছে সূরা আল-কলম।

সূরা আল মূলক রাতের বেলা পড়া উত্তম, তবে অন্য যেকোনো সময়ও পড়া যাবে। এ সূরাটি অর্থ বুঝে নিয়মিত পড়ার তাৎপর্য রয়েছে। এই সূরা সালাতের সঙ্গে পড়াও উত্তম। মুখস্ত না থাকলে দেখে দেখে অর্থ বুঝে পড়লে বিশেষ সওয়াব পাওয়া যাবে।

হাদিসে আছে, সূরা মূলক একচল্লিশবার পাঠ করলে সমস্ত বিপদ-আপদ হতে রক্ষা পাওয়া যায় এবং ঋণ পরিশোধ হয়। এ সূরা পাঠে কবরের আজাব থেকে বাঁচা যায়।

তো চলুন আজ থেকে আমরা প্রতিদিন সূরা আল মুলক অর্থসহ দেখে দেখে মুখস্ত করে ফেলি এবং অন্যকেও পড়ার জন্য অনুরোধ করি।

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন