দুদিনে পর পর ছয়বার ভূমিকম্পে সিলেটে হেলে পড়েছে একটি ছয়তলা ভবন।
শনিবার নগরীর পাঠানটুলা দর্জিবাড়ী এলাকায় আহাদ টাওয়ার নামে ওই ভবনটি হেলে পড়ে। রোববার সকাল থেকে ভবনের ১১টি ইউনিটের বাসিন্দারা অন্যত্র সরে যাচ্ছেন বলে জানা গেছে।
সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী জানান, ভবনটির নকশা আমার হাতে রয়েছে। ভবনটি যথাযথভাবে নির্মাণ ও অনুমোদন নেওয়ার পর কোনো পরিবর্তন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার বিএম আশরাফ উল্লাহ তাহের বলেন, ভবনটির মালিক থাকেন বাহরাইনে। একজন তত্ত্বাবধায়ক ভবনের দেখাশোনা করেন। ওই ভবনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়েছে।
সিলেটে রোববার ভোর ৪টা ৩৫ মিনিটে ফের মৃদু মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে ভূমিকম্পটির মাত্রা কত ছিল তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
এর আগে শনিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাড়ে ৪ ঘণ্টায় পর পর পাঁচবার মৃদু ভূকম্পন হয়েছে সিলেটে। এ ভূকম্পনে সিলেটজুড়ে আতঙ্ক দেখা দিয়েছে।
সূত্র:যুগান্তর
H/N