POPULAR BD NEWS
Popular BD News Logo

ঈদের ছুটি বাড়ানোর দাবিতে শ্রমিকদের বিক্ষোভ

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: মে ১০, ২০২১ | সময়: ৪:৪৭ অপরাহ্ণ

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ঈদের ছুটি বাড়ানোর দাবিতে একটি পোশাক কারখানার শ্রমিকেরা কর্মবিরতি ও বিক্ষোভ মিছিল করেছেন। আজ সোমবার সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে এ ঘটনা ঘটে।

শিল্প পুলিশ ও কারখানা সূত্রে জানা যায়, আজ সকালে উপজেলার বিশ্বাসপাড়া এলাকার স্টার লিংক ডিজাইন লিমিটেড নামে পোশাক কারখানার শ্রমিকেরা কাজে যোগ দিয়ে জানতে পারেন, তাঁদের ঈদের ছুটি মাত্র তিন দিন। এ নিয়ে তাঁদের মধ্যে ক্ষোভ দেখা যায়। পরে বিক্ষুব্ধ শ্রমিকেরা কাজ বন্ধ করে কারখানার সামনে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান করে বিক্ষোভ মিছিল করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে শ্রমিকদের বুঝিয়ে মহাসড়ক পাশে নিয়ে যায়। সেখানেও পুলিশের সামনেই শ্রমিকেরা ছুটি বাড়ানোর দাবিতে বিক্ষোভ করতে থাকেন।

কারখানার শ্রমিক আসলাম তালুকদার বলেন, তিন দিনের ছুটি কোনো কাজেই আসবে না। তাঁদের কমপক্ষে ১২ দিনের ছুটি দিতে হবে। ছুটি বৃদ্ধি না করা হলে আন্দোলন চলবে।

সূত্র: প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন