POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহরাস্তিতে স্বামীর বাড়ীতে না নেয়ায় নববধূর আত্মহনন

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ২৭, ২০২১ | সময়: ১১:২৩ পূর্বাহ্ণ

শাহরাস্তিতে বিয়ের ৫ দিনের মাথায় গলায় ফাঁস দিয়ে মীম নামে এক নববধূ আত্মহত্যা করেছে। এ ঘটনায় ২৬ এপ্রিল সোমবার বিকেলে স্বামীর পরিবারের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে মামলা দায়ের করেছেন মীমের নানা মোঃ শহিদ মিয়া (৬৫)।

ঘটনার বিবরণে জানা যায়, কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন সালধর গ্রামের মনির হোসেনের কন্যা ভিকটিম মীম (১৮) শাহরাস্তি উপজেলার টামটা উত্তর ইউনিয়নের হোসেনপুর গ্রামের স্বর্ণকারপাড়ায় তার নানার বাড়িতে থাকতো। সেখানে একই গ্রামের নজরুল ইসলামের পুত্র ফাহিমের (২১) সাথে তার প্রেমের সম্পর্ক সৃষ্টি হয়।

গত ২১ এপ্রিল রাত ৮টার সময় ফাহিম ও মীমকে একত্রে পেয়ে বাড়ির লোকজন আটক করে। এ সময় উভয় পক্ষের অভিভাবকের সম্মতিক্রমে সামাজিক রীতিনীতি মেনে বিবাহ সম্পন্ন করা হয়। বিবাহের পর নববধূকে স্বামীর বাড়িতে না নিয়ে তার নানার বাড়িতে রাখা হয়।

তার নানা মোঃ শহিদ মিয়ার অভিযোগ, মীমকে স্বামীর বাড়িতে উঠিয়ে নেয়ার বিষয়ে স্বামীর বাড়ির লোকজনের সাথে বনিবনা না হওয়ায় ২৫ এপ্রিল সন্ধ্যা সাড়ে ৭টায় মীম তার নানার বাড়িতে আত্মহত্যা করে। বাড়ির লোকজন দেখতে পেয়ে ফাঁস থেকে নামিয়ে শাহরাস্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ নিয়ে গেলে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করে মর্গে প্রেরণ করে।

স্থানীয় ইউপি সদস্য শফিকুল ইসলাম মিন্টু জানান, মীম তার নানার বাড়িতেই ছিলো। ঈদের পর তাকে স্বামীর বাড়িতে উঠিয়ে নেয়ার কথা ছিলো। অথচ বিয়ের ৫ দিনের মাথায় মেয়েটি আত্মহত্যা করেছে।

এ ঘটনায় নিহতের নানা মোঃ শহিদ মিয়া বর ফাহিম, তার পিতা নজরুল ইসলাম, মাতা সুবর্ণা বেগম (৪০), চাচা নূরুল আলম (৩০) ও দাদী মাজেদা বেগমের বিরুদ্ধে আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে শাহরাস্তি থানায় মামলা দায়ের করেন।

শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মোঃ আবদুল মান্নান জানান, নিহতের নানা আত্মহত্যার প্ররোচনার অভিযোগ এনে থানায় মামলা দায়ের করেছেন। দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে। ভিকটিমের লাশ ময়না তদন্ত শেষে সোমবার রাতে দাফন করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন