POPULAR BD NEWS
Popular BD News Logo

স্বপ্ন দেখানো হয়েছে, সফলতা আসেনি

পপুলার বিডিনিউজ ডেস্ক | প্রকাশিত: এপ্রিল ২১, ২০২১ | সময়: ৩:৫১ অপরাহ্ণ

পাটের বহুমুখী পণ্য নিয়ে বছর বছর যেসব স্বপ্ন দেখানো হয়েছে, তা বাস্তব রূপ পায়নি। পাটের জিওটেক্সটাইল ও পাটপাতার চায়ের প্রকল্প সফলতার মুখ দেখেনি। বহুমুখী পাটপণ্যের প্রসারে প্রতিষ্ঠিত জুট ডাইভারসিফিকেশন প্রমোশন সেন্টার (জেডিপিসি) চলছে ধুঁকে ধুঁকে।

সব মিলিয়ে পাট খাতে রপ্তানিও সেভাবে বাড়েনি। ২০১২-১৩ অর্থবছরে পাট ও পাটজাত পণ্য রপ্তানি করে আয় হয়েছিল ১০৩ কোটি মার্কিন ডলার। সর্বশেষ ২০১৯-২০ অর্থবছরে আয় দাঁড়িয়েছে ৮৮ কোটি ডলার, যা সাত বছর আগের চেয়ে প্রায় ১৫ শতাংশ কম। বর্তমানে পাট খাতে রপ্তানি আয়ের বড় অংশ আসে পাট, পাট সুতা, বস্তা ও চট রপ্তানি করে। অন্য পণ্য সেভাবে বাজার তৈরি করতে পারেনি।

সর্বশেষ উদ্ভাবিত পাটের পচনশীল সোনালি ব্যাগ বাজার তৈরি করতে পারবে কি না, তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে। কারণ, এর উৎপাদন খরচ বেশি। বিপরীতে সস্তার পলিথিনে বাজার সয়লাব।

বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মোহাম্মদ আবুল কালাম আজাদ পাট ও পাটজাত পণ্যের নকশা আরও আধুনিক করার ওপর জোর দিচ্ছেন। তিনি  বলেন, সারা দেশেই উদ্যোক্তাদের তুলে আনতে প্রণোদনা, প্রশিক্ষণ বা সাশ্রয়ী মূল্যে কাঁচামাল দেওয়া ও বিক্রয়কেন্দ্র খুলে পাটপণ্যের প্রচার করা যেতে পারে। পাটপাতা থেকে আরও কী কী পণ্য তৈরি সম্ভব, সেটির গবেষণাও পরিচালনা করতে হবে।

পাটের বহুমুখী ব্যবহার নিশ্চিত করতে বড় তিনটি প্রকল্পের একটি জুট জিওটেক্সটাইল প্রকল্প, যার আনুষ্ঠানিক নাম ‘সম্ভাবনার দিক দিয়ে গুরুত্বপূর্ণ জুট জিওটেক্সটাইল উন্নয়ন ও ব্যবহার’। এই প্রকল্পের মাধ্যমে দেশের ছয়টি গ্রামীণ রাস্তা, পাঁচটি নদী ও তিনটি পাহাড়ধস রক্ষার পরীক্ষা হয়। প্রকল্পে ব্যয় হয়েছে ৮ কোটি ৬৩ লাখ টাকা।

সূত্র:প্রথম আলো

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন