বেসরকারি একটি বিনোদন পার্কে (প্লে-পার্ক) চাকরি করতেন মাহফুজুর রহমান। করোনায় এটি বন্ধ হয়ে গেলে তার চাকরি চলে যায়। পুরোনো ঢাকার বাসিন্দা মাহফুজ পরে আর ওই প্রতিষ্ঠানে ফিরতে পারেননি।
মাহফুজের মতো সারা দেশে (প্রাতিষ্ঠানিক ও অপ্রাতিষ্ঠানিক খাতের) ১ কোটি ৪৪ লাখ কর্মী কাজ হারিয়েছেন অর্থাৎ এখনও কাজে ফিরতে পারেননি। করোনায় কর্মহীন জনগোষ্ঠী নিয়ে অর্থনীতিবিদ ড. আবুল বারকাতের গবেষণায় উঠে এসেছে এ তথ্য।
এরই মধ্যে শুরু হয়েছে ৮ দিনের দ্বিতীয় দফার ‘কঠোর লকডাউন’। ফলে অনেকে নতুন করে কর্মহীন হয়ে পড়ছেন। এতে বেকারের তালিকা আরও দীর্ঘ হবে বলে আশঙ্কা সংশ্লিষ্টদের।
করোনায় কর্মহীন জনগোষ্ঠী নিয়ে গবেষণা করেছেন অর্থনীতিবিদ ড. আবুল বারকাত। তার গবেষণায় দেখানো হয়- দেশে কৃষি, শিল্প ও সেবা খাতে ৬ কোটি ৮২ লাখ ৮ হাজার মানুষ কর্মে নিয়োজিত ছিলেন।
শুধু লকডাউনের কারণে কর্মহীন হয়েছেন ৩ কোটি ৫৯ লাখ ৭৩ হাজার ২৭১ জন। অর্থাৎ মোট কর্মগোষ্ঠীর ৫৯ শতাংশ মানুষই কর্মহীন হয়ে পড়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি বেকার হয়েছে সেবা খাতে।
সূত্র:যুগান্তর
H/N