POPULAR BD NEWS
Popular BD News Logo

আইসিইউ খালি নেই, রাস্তাতেই মৃত্যু হলো বাংলাদেশ ব্যাংকের সাবেক ইডি’র

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: এপ্রিল ৬, ২০২১ | সময়: ৯:২০ অপরাহ্ণ

কয়েকদিন আগে করোনায় আক্রান্ত হয়েছিলেন বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক বীর মুক্তিযোদ্ধা চৌধুরী মহিদুল হক।

রবিবার মধ্যরাতে হঠাৎ শ্বাসকষ্ট দেখা দিলে অক্সিজেন সাপোর্টের জন্য তাকে নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে ছোটেন পরিবারের সদস্যরা। কোথাও আইসিইউ বেড খালি না থাকায় তাকে হাসপাতালে ভর্তি করাতে পারেননি তারা। রাস্তায় ঘুরতে ঘুরতে বিনা চিকিৎসায় ভোর ৫টা ২০ মিনিটে মারা যান (ইন্নালিল্লাহি … রাজিউন) তিনি।

তাঁর কয়েকজন সহকর্মীর সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

চৌধুরী মহিদুল হকের ব্যাচমেট বাংলাদেশ ব্যাংকের সাবেক নির্বাহী পরিচালক ও আইডিআরএর সাবেক সদস্য নব গোপাল বণিক জানান, রাস্তায় ঘুরে বিনা চিকিৎসায় তার মৃত্যু হয়েছে বলে শুনেছেন তিনি। এটি অত্যন্ত দুঃখজনক।

তিনি বলেন, চৌধুরী মহিদুল হক ছিলেন অত্যন্ত মেধাবী ও প্রাণবন্ত।

বাংলাদেশ ব্যাংকের সাবেক এক মহাব্যবস্থাপক জানান, মধ্যরাতে হঠাৎ করে তার শ্বাসকষ্ট দেখা দিলে পরিবারের সদস্যরা প্রথমে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে সিট খালি না পেয়ে যান আরেক হাসপাতাল। এভাবে কয়েকটি হাসপাতালে ঘোরেন তারা। কোথাও ভর্তি করাতে না পেরে নিকেতন এলাকায় বাসার কাছে একটি ক্লিনিকে নিলে সেখান থেকে জানানো হয় তার মৃত্যু হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের এক মহাব্যবস্থাপক জানান, চৌধুরী মহিদুল হককে মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে। তিনি স্ত্রী, দুই মেয়ে, এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তার গ্রামের বাড়ি বিক্রমপুরে। পরিবারসহ তিনি রাজধানীর নিকেতন আবাসিক এলাকায় থাকতেন। ১৯৭৬ সালে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক হিসেবে যোগদান করেন তিনি।

সূত্র: দৈনিক সমকাল

H/N

 

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন