বাংলাদেশের নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীতে ডুবে যাওয়া লঞ্চটি ১৮ ঘণ্টা পর টেনে তোলার পর উদ্ধার অভিযান সমাপ্ত ঘোষণা করা হয়েছে। লঞ্চটির ভেতর থেকে ২১টি মৃতদেহ পাওয়া গেছে। সব মিলিয়ে এই লঞ্চডুবিতে নিহতের সংখ্যা দাঁড়ালো ২৬ জনে।
স্থানীয় সংবাদ মাধ্যমে সরাসরি প্রচারিত ভিডিওতে দেখা যায়, মাঝ নদী থেকে সাবিত আল হাসান নামে লঞ্চটি টেনে পারের দিকে নিয়ে আসা হয়।
সেসময় আশেপাশে ভিড় করে স্থানীয়রা। উদ্ধারকর্মীদের পাশাপাশি লঞ্চটি তোলার পর সেখান থেকে মরদেহ উদ্ধারের কাজে হাত লাগান স্থানীয়রা। টেলিভিশনে সরাসরি সম্প্রচারিত ভিডিওতে দেখা গেছে, ক্রেন দিয়ে উল্টো করে ঝোলানো লঞ্চটিতে মানুষের দেহ আটকে আছে।
বিআইডাব্লিউটিএ এর চেয়ারম্যান গোলাম মো. সাদেক পরে এক সংবাদ সম্মেলনে বলেন, টেনে তোলার পর লঞ্চটি থেকে ২১টি মরদেহ বের করে আনা হয়েছে। গতকাল আরো ৫ জনের মরদেহ উদ্ধার করা হয়েছিল। লঞ্চটির ভেতরে আর কোন মরদেহ পাওয়ার সম্ভাবনা নেই বলে উল্লেখ করে উদ্ধার অভিযানের সমাপ্তি ঘোষণা করেন।
সূত্র:বিবিসি নিউজ
H/N