POPULAR BD NEWS
Popular BD News Logo

জীবনের মূল্য পৌনে ২ লাখ টাকা!

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৩১, ২০২১ | সময়: ১২:০৫ অপরাহ্ণ

রংপুরের পীরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত আদিবাসী যুবক পাখি পাউলুস লিন্ডুয়ার (২২) নিহতের ঘটনায় মামলা ঠেকাতে সালিশে পৌনে ২ লাখ টাকায় দফারফা করা হয়েছে। পরে মঙ্গলবার বেলা ১১টার দিকে নিহতের লাশটি দাফন করা হয়েছে।

সোমবার রাতভর ওই সালিশে উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামে আওয়ামী লীগ নেতা সাবেক চেয়ারম্যান দেলদার হোসেন মাতবর উপস্থিত ছিলেন।

জানা গেছে, উপজেলার চৈত্রকোল ইউনিয়নের বাসুদেবপুর গ্রামের আদিবাসী মৃত মহিম লিন্ডুয়ার ছেলে পাখি পাউলুস লিন্ডুয়া সোমবার মাগরিবের নামাজের সময় তার বাড়ির দক্ষিণে ভাটার মাটিবাহী একটি মাহেন্দ্র গাড়িতে উঠেন। এ সময় মাহেন্দ্র থেকে পড়ে চাকার নিচে মাথা পিষ্ট হয়ে সোমবার সন্ধ্যায় ঘটনাস্থলেই পাখি পাউলুস নিহত হন। মাহেন্দ্রটির চালক এরশাদ মিয়া গাড়ি রেখে পালিয়ে যায়।

একপর্যায়ে এলাকাবাসী গাড়িটি চিহ্নিত করে সোমবার সন্ধ্যার পরই চৈত্রকোল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা দেলদার হোসেনের নেতৃত্বে ওই ভাটার ম্যানেজার আদিবাসী বাবলু লাকড়ার বাড়িতে ইউপি সদস্য মোস্তফা মিয়া, মাহবুব মাস্টারসহ শতাধিক মানুষ সালিশে বসেন। রাত ৩টার দিকে ১ লাখ ৭৫ হাজার টাকা লাশের মূল্য নির্ধারণ করে নগদ ৫০ হাজার টাকা দেয়া হয়।

সালিশে ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলামও উপস্থিত ছিলেন। তবে তিনি নিহতের মা বুদ্রী কুজুরের কাছ থেকে লাশের ময়নাতদন্ত করবেন না- এমন অনাপত্তির কাগজে স্বাক্ষর নেন।

নিহতের মা বুদ্রী কুজুর বলেন, পুলিশ এসে আমাকে বলল এতগুলা টাকা দেব, সই দাও। বাবলু লাকড়া ১ লাখ ৭৫ হাজার টাকা দেয়ার কথা বলে আমাকে ৫০ হাজার টাকা দিয়েছে।

মাতবর দেলদার হাসেন বলেন, বিষয়টি নিষ্পত্তি করে দেয়া হয়েছে।

ভাটার ম্যানেজার বাবলু লাকড়া বলেন, পাখির লাশটির ব্যাপারে নগদ ৫০ হাজার টাকা নগদ দেয়া হয়েছে। বাকি টাকা বুধবার দেব, আমিই টাকার রিস্ক নিয়েছি।

টাকা দিয়ে লাশের দফা-রফার কথা অস্বীকার করে ইটভাটা মালিক আতাউর রহমান আতা বলেন, বিষয়টি এমনিতেই সমঝোতা করা হয়েছে।

ভেণ্ডাবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আমিরুল ইসলাম বলেন, ঘটনা শোনার পর আমি গিয়েছি। ময়নাতদন্ত করবে না- এমন অঙ্গীকারনামায় স্বাক্ষর নিয়ে এসেছি। যদি তারা মামলা করতে চায়, তাহলে করতে পারে।

সূত্র: যুগান্তর

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন