গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায় চোর সন্দেহে গণপিটুনিতে পান্নু তালুকদার (৪০) নামে এক যুবক নিহত হয়েছেন। সোমবার ভোর রাত ৩টার দিকে উপজেলার রসুলপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত পান্নু তালুকদার (৪০) উপজেলার আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে।
পুলিশ ও এলাকাবাসী জানায়, সোমবার ভোর রাত ৩টার দিকে মুকসুদপুর উপজেলার রসুলপুর গ্রামের হান্নু চৌধুরীর বাড়ীতে পার্শ্ববর্তী আদমপুর গ্রামের সিদ্দিক তালুকদারের ছেলে পান্নু তালুকদার চুরি করার চেষ্টা করেন। এসময় বাড়ির লোকজন টের পেয়ে চোর চোর বলে চিৎকার করলে এলাকাবাসী জড়ো হয়ে চোর সন্দেহে তাকে ধাওয়া করে ধরে গণপিটুনি দেয়।
পরে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে এসে মুমূর্ষু অবস্থায় পান্নু তালুকদারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে সোমবার সকাল ৭টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
মুকসুদপুর থানার ওসি আবু বকর মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ব্যাপারে থানায় ১০ জনের নাম উল্লেখ ও আরও ২০/২৫ জনকে অজ্ঞাত করে একটি হত্যা মামলা দায়ের হয়েছে । এছাড়া নিহত পান্নু তালুকদারের নামে ২০১৬ সালে মুকসুদপুর থানায় একটি চুরির মামলা রয়েছে।
সূত্র:যুগান্তর
H/N