POPULAR BD NEWS
Popular BD News Logo

ফেসবুক কবে চালু হবে তা বলতে পারছে না বিটিআরসি

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ২৯, ২০২১ | সময়: ৪:৪৯ অপরাহ্ণ

তিনদিন ধরে বন্ধ থাকা সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক কবে সচল হবে তা জানাতে পারছে না বাংলাদেশের টেলিযোগযোগ নিয়ন্ত্রক কর্তৃপক্ষ-বিটিআরসি। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসির বরাত দিয়ে এ তথ্য জানা গেছে। 

ফেসবুক কর্তৃপক্ষ গত  শনিবারই বিবৃতি দিয়ে জানিয়েছে যে, বাংলাদেশে তাদের ‘একাধিক সেবা সীমিত করার’ বিষয়ে অবগত আছে তারা, ‘বিষয়টি তারা বোঝার চেষ্টা করছে’ এবং আশা করছে যে, ‘দ্রুতই তাদের পূর্ণাঙ্গ সেবা আবার সচল হবে’।

তবে এর দুদিন পরেও পরিস্থিতির কোন উন্নয়ন হয়নি। বিবিসির খবরে আরো বলা হয়, অনেকেই ফেসবুকে লগইন করতে পারছেন না। যাদের লগইন করা আছে তারা পাচ্ছেন না কোন আপডেট। ভালভাবে কাজ করছে না মেসেঞ্জার সেবাও। এমনকি কোথাও কোথাও উচ্চগতির ইন্টারনেটের গতিও কমিয়ে রাখা হচ্ছে। এরকম অবস্থায় ক্ষতির মুখে পড়েছেন ফেসবুক, মেসেঞ্জার ও অনলাইন-ভিত্তিক ক্ষুদ্র উদ্যোক্তারা।

কেন ফেসবুক ও ইন্টারনেট সেবা ব্যাহত করা হচ্ছে তার কারণ খোলাসা না করলেও বাংলাদেশ টেলিকম্যুনিকেশন রেগুলেটরি কমিশন – বিটিআরসি’র ভাইস-চেয়ারম্যান সুব্রত রায় মৈত্র বিবিসিকে বলেছেন, ‘আইনশৃঙ্খলা বাহিনীর অনুরোধে ফেসবুক বন্ধ রাখা হয়েছে’। এর বাইরে এ সংক্রান্ত কোন প্রশ্নের উত্তর দিতে রাজি হননি।

বিবিসিকে সুব্রত রায় বলছেন, “চালু করার বিষয়ে দিন-ক্ষণ কিছু বলা যাচ্ছে না।”

সূত্র: বাংলাভিশন

H/N

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন