হ্যামিল্টনে আজ নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টি–টোয়েন্টি ম্যাচে এমন একটা ব্যাপার ঘটল, যেটির সঙ্গে আসলে বহু বছর পরিচয় নেই গোটা দলের। আজ বাংলাদেশ খেলতে নামল সাকিব আল হাসান, তামিম ইকবাল আর মুশফিকুর রহিমকে ছাড়া। ২০০৬ সালের পর এমন কিছু দেখেনি বাংলাদেশের ক্রিকেট।
নিউজিল্যান্ড সফরে এমনিতেই নেই সাকিব আল হাসান। তৃতীয় সন্তানের জন্ম উপলক্ষে বিসিবির কাছ থেকে ছুটি নিয়ে রেখেছেন অনেক আগেই। তিনি এখন ভারতে চলে গিয়েছেন আইপিএল খেলতে। নিউজিল্যান্ড সফরের মধ্যেই জানা গেল ওয়ানডে সিরিজ খেলেই ‘ব্যক্তিগত কারণে’ দেশে ফিরে যাবেন তামিম, তাই তিনিও আজ ছিলেন না। কাঁধের চোটের কারণে খেলতে পারেননি মুশফিকুর রহিম। দেশের ক্রিকেটের পঞ্চপাণ্ডবের ‘তিন পাণ্ডব’ বর্জিত বাংলাদেশ দল অবশ্য আজ হ্যামিল্টনে নিজেদের উতরাতে পারেনি। হেরেছে ৬৬ রানের বড় ব্যবধানে।
সাকিব–তামিম–মুশফিকহীন ম্যাচেও সৌম্য–লিটন–মিঠুনরা আশার আলো দেখাতে পারলেন না—ভাবনার বিষয় এটিই। অভিজ্ঞতা তো আর তাঁদের কম নয়। ১৫ বছর পর দেশের ক্রিকেটের সেরা তিন তারকার অনুপস্থিতির ম্যাচ যেন ভবিষ্যতের শঙ্কার চিত্রটাই চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়ে গেল।
সূত্র:প্রথম আলো
h/n