POPULAR BD NEWS
Popular BD News Logo

ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৮, ২০২১ | সময়: ৮:৫৪ অপরাহ্ণ

জেলার বরুড়া উপজেলার লক্ষ্মীপুরে এক ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত সোহেল আহমেদ পাটওয়ারী (৪০) লক্ষ্মীপুর ইউনিয়নের ডাবুরিয়া গ্রামের মৃত জাফর আহমেদের ছেলে। মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে কার্জন খাল সাহাজী বাড়ির সংযোগ খালের মধ্যে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মুদাফরগঞ্জ বাজারের পাশে ব্রিজের সঙ্গে মনোয়ারা এন্টারপ্র্রাইজ নামে সোহেল আহমেদ পাটওয়ারীর দোকান। সেখান থেকে তার বাড়ির দূরত্ব একশত গজ। প্র্রতিদিনের মতো মঙ্গলবার রাতে নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। শুকনো খালের ভিতর দিয়ে সামনে পৌঁছলে সড়কের ওপর ওঁৎ পেতে থাকা দুর্বৃত্তরা তাকে কুপিয়ে জখম করে। এ সময় তার শোর চিৎকারে স্থানীয়রা এগিয়ে এলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে কুমিল্লা সদর হাসপাতালে নেওয়ার পর রাতে তার মৃত্যু হয়।

পরিবার ও স্থানীয়রা জানান, প্রতিবেশী মৃত চানমিয়া সওদাগরের ছেলে ফারুক মাস্টারের সঙ্গে ২৪ শতক সম্পত্তি নিয়ে বিরোধ চলছে। এ সম্পত্তি নিয়ে আদালতে মামলা চলমান রয়েছে। ছোট ভাই বাবু জানান, সম্পত্তি নিয়ে বিরোধের জেরে ১১ মার্চ বৃহস্পতিবার সকালে প্র্রতিপক্ষ ফারুক মাস্টার ডাবুরিয়া-মুড়াকটা গ্রামের কয়েকজন লোক নিয়ে সম্পত্তি দখল করতে আসেন। এ সময় সোহেল পাটওয়ারী পরিবারের সঙ্গে ফারুক মাস্টারের লোকজনের সংঘর্ষ ঘটে। নিহত যুবক সোহেল দুই সন্তানের জনক। দুই ছেলের নাম সামির (১৩) ও সালমান (৩)। নিহতের স্ত্রী আয়েশা বেগম বলেন, মঙ্গলবার রাতে দোকান বন্ধ করে বাড়িতে আসার পথে খালের মধ্য থেকে তার শোর চিৎকার শুনে এগিয়ে গিয়ে দেখি আমার স্বামীকে কয়েকজন কুপিয়ে রক্তাক্ত অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায়। আমি এ হত্যার বিচার চাই। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তুতি নিচ্ছেন নিহতের পরিবার।

স্থানীয় মেম্বার আমির হোসেন জানান, আমি খুনের বিষয়ে জানতে পেরেছি। বিষয়টা খুবই দুঃখজনক। আমরা এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। লক্ষ্মীপুর ইউনিয়ন চেয়ারম্যান নুরুল ইসলাম বলেন, একজন ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে এটা আমার কাছে খুবই কষ্টের। আমি এর সুষ্ঠু তদন্ত ও বিচার চাই। বরুড়া থানার ওসি (তদন্ত) নাহিদ জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিকেলের মর্গে পাঠিয়েছি। মামলা প্রক্রিয়াধীন রয়েছে। তদন্তের দোষীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সুএ:যুগান্তর

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন