POPULAR BD NEWS
Popular BD News Logo

রাণীনগরে কালো পাথরের ‘বিষ্ণুমূর্তি’ উদ্ধার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ৬:২১ অপরাহ্ণ

নওগাঁর রাণীনগরে কালো পাথরের ৩৮ কেজি ওজনের একটি ‘বিষ্ণুমূর্তি’ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ৯টার দিকে করজগ্রাম কাওয়াঠ্যাংগা টুংকুড়ি সরকারি খাস পুকুরের পাড় থেকে পরিত্যাক্ত অবস্থায় মূর্তিটি উদ্ধার করা হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাণীনগর উপজেলার কালীগ্রাম ইউনিয়নের করজগ্রাম কাওয়াঠ্যাংগা টুংকুড়ি সরকারি খাস পুকুর সংস্কারের জন্য ভেকু মেশিন দিয়ে খননকাজ চলছিল। মঙ্গলবার খননকাজ করে সন্ধ্যার আগে ভেকু বন্ধ করে শ্রমিকরা চলে যায়। সন্ধ্যার দিকে গ্রামের রিয়াজুল জান্নাত মাদরাসার তিনজন ছাত্র মূর্তিটি দেখতে পায়। বিষয়টি মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়ে। মূর্তিটি দেখার জন্য স্থানীয় নানা বয়সের শত শত মানুষ ভিড় করেন। পরে বিষয়টি থানা পুলিশে জানানো হয়। এরপর রাত সাড়ে ৯টার দিকে থানা পুলিশ ঘটনাস্থল থেকে মূর্তিটি উদ্ধার করে নিয়ে যায়।

স্থানীয়রা বলছেন, ‘মূর্তিটি কষ্টি পাথরের বিষ্ণুমূর্তি’।

রাণীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহিন আকন্দ বলেন, ঘটনাস্থল থেকে একটি কালো পাথরের মূর্তি উদ্ধার করা হয়েছে। মূর্তিটি বিষ্ণুর কিনা বা কষ্টি পাথরের কিনা বলতে পারছি না। যাচাই-বাছাইয়ের পর বলা যাবে। মূর্তিটির ওজন ৩৮ কেজি, লম্বায় ৩৬ ইঞ্চি ও প্রশস্ত সাড়ে ১৫ ইঞ্চি বলে জানিয়েছেন ওসি।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন