POPULAR BD NEWS
Popular BD News Logo

পিস্তলসহ এক যুবতি গ্রেফতার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১৭, ২০২১ | সময়: ৪:৩০ অপরাহ্ণ

গাজীপুর মহানগরের টঙ্গীতে আগ্নেয়াস্ত্রসহ নূর মির্জা আক্তার বর্ষা (২০) নামের এক নারীকে গ্রেফতার করেছে র‌্যাব-১০ এর সদস্যরা। বুধবার দুপুরে সাত দিনের রিমান্ড চেয়ে তাকে গাজীপুর আদালতে পাঠায় গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) টঙ্গী পশ্চিম থানা।

গ্রেফতারকৃত মির্জা আক্তার বর্ষা কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার গুন্দরমদন গ্রামের আব্দুল হাইয়ের মেয়ে।

তিনি রাজধানীর মেরুল বাড্ডায় কানাডিয়ান ইউনিভার্সিটির পাশে সোহেলের বাড়ির ভাড়াটিয়া। র‌্যাব সদস্যরা তার কাছ থেকে লোহার তৈরি একটি পিস্তল, একটি ম্যাগজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে।

টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানিয়েছে তিনি অবৈধ অস্ত্র ব্যবসায়ী।

র‌্যাবের উদ্ধৃতি দিয়ে টঙ্গী পশ্চিম থানা পুলিশ জানায়, গত মঙ্গলবার বেলা ২টার দিকে র‌্যাব-১০ (ধলপুর, যাত্রাবাড়ী, ঢাকা) এর একটি টীম গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের টঙ্গী কলেজ গেট পুলিশ ক্যাম্পের সামনে মহাসড়কের পাশে দু’জন অবৈধ আগ্নেয়াস্ত্র নিয়ে অবস্থান করছে। পরে র‌্যাব সদস্যরা টঙ্গী কলেজ গেট এলাকায় এসে অভিযান চালায়। বিকেল সাড়ে ৫টায় কলেজ গেট বাসস্ট্যান্ড এলাকায় ওই নারীর ভ্যানেটিব্যাগ তল্লাশি করে অস্ত্রসহ তাকে গ্রেফতার করে।

মঙ্গলবার রাত দেড়টায় অস্ত্রসহ ওই নারীকে টঙ্গী পশ্চিম থানায় হস্তান্তর করে র‌্যাব।

এ ব্যাপারে র‌্যাব-১০ এর সদস্য উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা (ডিএডি) মো: জিয়াউর রহমান অস্ত্র আইনে টঙ্গী পশ্চিম থানায় মামলা দায়ের করেন। র‌্যাবের অভিযানের সময় রিফাত (২৬) নামে ওই নারীর এক সহযোগী পালিয়ে যায় বলেও মামলার এজাহারে উল্লেখ করা হয়।

টঙ্গী পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: শাহ আলম বলেন, গ্রেফতারকৃত মির্জা আক্তার বর্ষা সংঘবদ্ধ অস্ত্র ব্যবসায়ী চক্রের সদস্য। জিজ্ঞাসাবাদের জন্য সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন