রেলমন্ত্রী মো: নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন, সেবার মান বাড়াতে জনবল নিয়োগে রেলের নীতিমালা চূড়ান্ত হয়েছে। আগামী ১৫ দিনের মধ্যে ১০ থেকে ১৫ হাজার জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। তিনি বলেন, জনবল ও কাঠামোর অভাব ঘুচিয়ে সার্মথ্য বাড়ানো গেলে ভারতসহ প্রতিবেশী দেশগুলোর সাথে রেল যোগাযোগ আরো ত্বরান্বিত হবে। এটি রেলের ইতিহাসে আরো একটি নতুন মাইলফলক হবে।
শুক্রবার দুপুরে রাজশাহী রেলওয়ে স্টেশন ও রেলওয়ের বিভিন্ন স্থাপনা পরিদর্শন শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বিভিন্ন পক্ষ রেলের জায়গা দখল করছে অভিযোগ তুলে রেলমন্ত্রী বলেন, ‘অবৈধভাবে দখল করা জায়গা উদ্ধার করে শিগগিরই মালামাল রাখার জন্য আইসিটি টার্মিনাল স্থাপন করা হবে। রেলের জায়গা আর বেদখল রাখা হবে না।’
তিনি বলেন, ‘রাজশাহী থেকে ভারতের সাথে রেল যোগাযোগের সম্ভাবতা যাচাই করে দেখা হচ্ছে। সবাই তো ব্যবসায়ীক চিন্তা করে। আমাদের বাংলাদেশের ওপর দিয়ে কতোটুকু এলাকা চলবে, তার উপরে ট্যারিফ হবে, ভাড়া হবে। ভারতের জমির ওপর দিয়ে নেপাল যেতে হলে বহু অংশ যাবে। তাই এটি যদি দিনাজপুরের বিরল হয়ে করা হয়, তাহলে বাংলাদেশ বেশি লাভবান হবে। ব্যবসাটা আমাদের চিন্তুা করতে হয়।’
রাজশাহী হয়ে ভারত পর্যন্ত রেল যোগাযোগ আপাতত না হলেও পণ্য পরিবহন বেড়েছে বলে জানান রেলমন্ত্রী। তিনি বলেন, আগের চেয়ে রেলপথে পণ্য আনা-নেয়া বেড়েছে। আগে অল্প সংখ্যক ট্রেন পণ্য নিয়ে আসতো। এখন প্রতিমাসে দেড় শ’র বেশি ট্রেন পণ্য আনা-নেয়া করছে। পণ্য নামানোর জন্য রেলওয়ের সক্ষমতার অভাব আছে। সেটি বাড়ানোর পরিকল্পনা রয়েছে।