POPULAR BD NEWS
Popular BD News Logo

তরুণ নেতাদের বিশ্ব তালিকায় স্থান পেলেন: মাশরাফি বিন মুর্তজা

ডেস্ক নিউজ | প্রকাশিত: মার্চ ১১, ২০২১ | সময়: ৫:০৩ অপরাহ্ণ

বাংলাদেশের সফলতম অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা মাঠের বাইরেও নেতৃত্বের পুরস্কার পেলেন। সুইজারল্যান্ডের জেনেভা থেকে পরিচালিত সংস্থা ‘ইয়াং গ্লোবাল লিডার্স’ ২০২১ সালের জন্য বিশ্বের ১১২ জন তরুণ নেতাকে বেছে নিয়েছে। দক্ষিণ এশিয়া থেকে নির্বাচিত ১০ জনের একজন মাশরাফি। নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি নিজ এলাকায় উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখায় এই স্বীকৃতি পেলেন।

প্রতিবছর রাজনীতি, বাণিজ্য, শিক্ষা, গণমাধ্যম এবং কলায় বিশেষ অর্জন আর অবদান রাখা তরুণ ব্যক্তিত্বদের এই সম্মাননা দেয় ফোরাম অব ইয়াং গ্লোবাল লিডার্স। এই তালিকায় থাকতে হলে বয়স হতে হবে ৩৮–এর কম। ৩৭ বছর বয়সে এই স্বীকৃতি পেলেন বাংলাদেশের সাবেক ওয়ানডে অধিনায়ক।

মাশরাফি নিজে ‘নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশন’ নামে একটি স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠানের কর্ণধার। তাঁর এই স্বীকৃতির পেছনে এই প্রতিষ্ঠানের আছে বড় অবদান। এই ফাউন্ডেশন নিয়ে ইয়ং গ্লোবার লিডার্স তাদের ওয়েবসাইটে লিখেছে, ‘মাশরাফি বিন মুর্তজা, বাংলাদেশের একজন ক্রিকেটার ও বাংলাদেশের ওয়ানডে দলের সাবেক অধিনায়ক। টি-টোয়েন্টি দলের অধিনায়কও ছিলেন। তিনি তিনটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টের ফাইনালে নেতৃত্ব দিয়েছেন দেশকে। ক্রিকেটের বাইরে তিনি বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে তাঁর নিজ শহর নড়াইলের মানুষের দারিদ্র্যতা দূর করতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা। তিনি ৬টি গুরুত্বপূর্ণ লক্ষ্য অর্জনের ভাবনা থেকে নড়াইল এক্সপ্রেস ফাউন্ডেশনও প্রতিষ্ঠা করেন। লক্ষ্যগুলো হলো নাগরিকদের জন্য আধুনিক সুযোগ–সুবিধা ও বিশেষ শিক্ষাব্যবস্থা নিশ্চিত করা, যেটি হবে মানবিক শিক্ষাব্যবস্থা, তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা, খেলোয়াড় তৈরি করা, সাংস্কৃতিক কার্যক্রম বৃদ্ধি করা, চিত্রা নদীতে পর্যটন কেন্দ্র স্থাপন, নড়াইলকে তথ্য, প্রযুক্তি ও পরিবেশবান্ধব শহরে রূপান্তর করা তাঁর ফাউন্ডেশনের লক্ষ্য।’

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন