POPULAR BD NEWS
Popular BD News Logo

শিক্ষার্থীদের টিউশন ফি দেবে সরকার

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ১১, ২০২১ | সময়: ১১:০৪ পূর্বাহ্ণ

শিক্ষার্থীদের টিউশন ফি দেবে সরকার। সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় এই সহায়তা দেওয়া হবে। গত মঙ্গলবার (৮ মার্চ) শিক্ষা মন্ত্রণালয়ের প্রধানমন্ত্রীর শিক্ষাসহায়তা ট্রাস্ট থেকে এই আবেদন চেয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। এজন্য দেশের সব স্কুল, কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের ১৮ মার্চ থেকে আবেদন করতে বলা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৬ষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির অসচ্ছল শিক্ষার্থীদের উপবৃত্তি, টিউশন ফি ও অন্যান্য সুবিধা পাওয়ার জন্য শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সমন্বিত উপবৃত্তি কর্মসূচির আওতায় আসতে হবে। যেসব প্রতিষ্ঠান কোনো উপবৃত্তি প্রকল্পের আওতাভুক্ত আছে, তাদের আবেদন করার প্রয়োজন নেই। উপবৃত্তি কর্মসূচির আওতাভুক্ত হতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে ১৮ মার্চের মধ্যে আবেদন করতে হবে।

প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় তথ্যসহ আবেদন জরুরিভাবে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দপ্তরে জমা দিতে হবে। কর্মকর্তাদের তা যাচাই-বাছাই করে ১৮ মার্চের মধ্যে স্কিম পরিচালকের দপ্তরে পাঠাতে বলা হয়েছে। আবেদন হার্ড কপি ও ই-মেইলে পাঠাতে হবে।

আবেদনের হার্ড কপি ডাকযোগে শিক্ষা ভবন, ২য় ব্লক, ৫ম তলা, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ, ঢাকা ১০০০ এবং আবেদনের সফটকপি (hsp.sstipend@gmail.com) ই-মেইল ঠিকানায় পাঠাতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন