POPULAR BD NEWS
Popular BD News Logo

ইয়েমেনে শরণার্থী শিবিরে আগুন, মৃত্যু ৮ জনের

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৮, ২০২১ | সময়: ৩:৩৮ অপরাহ্ণ

ইয়েমেনের শরণার্থী শিবিরে ভয়াবহ আগুন লেগেছে। আগুনে এখন পর্যন্ত আটজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। গুরুতর আহত ১৫৭ জনকে হাসপাতালে নেয়া হয়েছে । তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

স্থানীয় সময় রোববার ইয়েমেনের রাজধানী সানা শহরে শরণার্থীদের জন্য তৈরি করা শিবিরে এ আগুন লাগে। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। শিবিরে আগুন ধরিয়ে দেয়া হয়েছে কি না তাও স্পষ্ট নয়।

ঘটনার পরেই টুইট করেন জাতিসঙ্ঘ শরণার্থীবিষয়ক সংগঠনের ডিরেক্টর কারমেলা।

তিনি জানিয়েছেন, এ সংবাদে তিনি মর্মাহত। শরণার্থী ও শিবিরের নিরাপত্তার দায়িত্বে থাকা ব্যক্তিদেরও মৃত্যু হয়েছে। বহু মানুষ আহত হয়েছে। জাতিসঙ্ঘ সকলকে সাহায্য করতে প্রস্তুত।

সরকারি ভাবে আটজনের মৃত্যুর কথা জানানো হলেও, দেশটির বেসরকারি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, মৃতের সংখ্যা অনেক বেশি। কারমেলার টুইটেও সে কথা বলা হয়েছে।

জাতিসঙ্ঘের কর্মকর্তারা সংবাদসংস্থা এপিকে জানিয়েছেন, প্রথমে যেখানে আগুন লাগে সেখানে প্রায় ৭০০ শরণার্থী ছিলেন। তারা সকলেই সীমান্ত পেরিয়ে সৌদি আরবে কাজের জন্য যাওয়ার চেষ্টা করছিলেন। ইয়েমেন প্রশাসন তাদের গ্রেফতার করে শরণার্থী শিবিরে পাঠিয়েছিল।

হর্ন অফ আফ্রিকা পেরিয়ে হাজার হাজার মানুষ সৌদি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে কাজের সন্ধানে যান। প্রচারক থেকে শুরু করে অফিসের দারোয়ানসহ নানা ধরনের কাজের খোঁজ করেন তারা। কিন্তু সীমান্ত পেরনোর সময় বহু মানুষ ধরা পড়েন। তাদের বিভিন্ন শরণার্থী শিবিরে পাঠিয়ে দেয়া হয়। ইয়েমেনের শিবিরটিও তেমনই ছিল।

গত কয়েক বছরে প্রায় এক লাখ ৩৮ হাজার শরণার্থী ইয়েমেনে পৌঁছেছেন। গত বছর সংখ্যাটি কমেছিল করোনার কারণে। বহু শরণার্থী ইয়েমেনের যুদ্ধের শিকারও হয়েছেন। অনেকে পাচার হয়ে গেছেন ড্রাগ মাফিয়াদের কাছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন