POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদন জাতির পিতার প্রতিকৃতিতে

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: মার্চ ৭, ২০২১ | সময়: ২:০৭ অপরাহ্ণ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা
ঐতিহাসিক ৭ মার্চ উপলক্ষে আজ রোববার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রাজধানীর ধানমন্ডি–৩২–এ অবস্থিত জাতির পিতার স্মৃতি জাদুঘরের সামনে রক্ষিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে ইতিহাসের এই মহানায়কের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

প্রধানমন্ত্রীর উপপ্রেসসচিব কে এম সাখাওয়াত মুন জানান, জাতির পিতার প্রতিকৃতির বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের পর প্রধানমন্ত্রী স্বাধীনতার এই মহান স্থপতিকে শ্রদ্ধা নিবেদনের অংশ হিসেবে সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে এ সময় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছোট মেয়ে এবং প্রধানমন্ত্রীর ছোট বোন শেখ রেহানা উপস্থিত ছিলেন। ১৯৭৫ সালের ১৫ আগস্ট শাহাদাতবরণকারীদের স্মরণে তাঁদের রুহের মাগফিরাত কামনা করে এ সময় বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়।

১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঐতিহাসিক রেসকোর্সের ময়দানে (বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান) লাখ লাখ জনতার উপস্থিতিতে এক ভাষণের মাধ্যমে সমগ্র জাতিকে স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেন। তিনি বলেছিলেন, ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম।’ পরবর্তী সময়ে এই ভাষণ হাজার বছরের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেসকোর আন্তর্জাতিক দলিলে স্থান লাভ করে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন