চাঁদপুরের হাজীগঞ্জে শান্তিপূর্ন পরিস্থিতিতেই পৌরসভার নির্বাচন শুরু হয়েছে। শনিবার সকাল থেকে কেন্দ্রগুলোতে দেখা গেছে নারী ভোটারদের ব্যাপক উপস্থিতি।
হাজীগঞ্জ পৌরসভার বলাখালের ১ নং ( দ:)ওয়ার্ডের বলাখাল মরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে গিয়ে দেখাগেছে পুরুষ ভোটারের চাইতে নারী ভোটারের উপস্থিতি চোখে পড়ার মত। এখানে দুই চার জন পুরুষ ভোটারদের দেখা মিললেও শত শত নারী ভোটার লাইনে দাঁড়িয়ে।
এ কেন্দ্রে হিন্দু ভোটাররাই বেশি। এখানকার কাউন্সিলর প্রার্থী হাবিবুর রহমান বলেন, শান্তিপুর্ন ভাবে ভোট গ্রহন শুরু হয়েছে। এ ধারা ভোট গ্রহন শেষ পর্যন্ত থাকলে আমার বিজয় নিশ্চিত।
হাজীগঞ্জ সরকারী পাইলট হাই স্কুল এন্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা গেছে একই চিত্র। লাইনে দাঁড়ানো ভোটার হালিমা বেগম ও জবেদা বেগম নামে দুজন নারী বলেন, ফজর পড়েই ভোট কেন্দ্রে চলে আসছি। পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারলে ভালো লাগবে।
হাজীগঞ্জের আলীগঞ্জ পিটিআই কেন্দ্র, এনায়েত পুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রেও একই চিত্র দেখা গেছে।
এদিকে দুপুরের দিকে বলাখাল জে এন স্কুল কেন্দ্রে কিছুটা অনিয়ম হচ্ছে বলে অভিযোগ করেছে কাউন্সিলর প্রার্থী সাখাওয়াত হোসেন। তবে সেখানেও নারী ভোটারের উপস্থিতি ছিল দেখার মত।
হাজীগঞ্জ পৌরসভা নির্বচনে বর্তমান মেয়র আসম মাহবুব উল আলম লিপন নৌকা, সাবেক তিন বারের মেয়র আবদুল মান্নান খান ধানের শীষ প্রতিক নিয়ে মেয়র পদে নির্বাচন করছেন। জেলা নির্বাচন অফিসার তোফায়েল আহমেদ বলেন, শান্তিপূর্ন নির্বাচন উপহার দিতে আমাদের সকল কার্যক্রম অব্যাহত রয়েছে।