POPULAR BD NEWS
Popular BD News Logo

প্রধানমন্ত্রীর মতামত পেলেই এইচএসসির ফল

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ২৭, ২০২১ | সময়: ১:৫০ অপরাহ্ণ
বিশেষ পরিস্থিতিতে পরীক্ষা ছাড়াই ফল প্রকাশ আইনের গেজেট প্রকাশিত হয়েছে। ফলে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসএসি) ও এসএসসি পরীক্ষার ভিত্তিতে এইচএসসির ফল প্রকাশে আর কোনো বাধা রইল না। এখন প্রধামন্ত্রীর সম্মতি পেলেই এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করা হবে।

জানা যায়, পরীক্ষা ছাড়া ২০২০-এর এইচএসসি ও সমমানের ফল প্রকাশ করতে আইন সংশোধন করে গেজেট প্রকাশ করেছে সরকার। সংসদে পাস হওয়া তিনটি বিলে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ স্বাক্ষর করার পর গত সোমবার রাতে তা গেজেট আকারে জারি করা হয়।

‘ইন্টারমিডিয়েট অ্যান্ড সেকেন্ডারি এডুকেশন (অ্যামেন্ডমেন্ট) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’, ‘বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ড (সংশোধন) অ্যাক্ট-২০২১’ সংশোধন করে গেজেট প্রকাশ করা হয়েছে।

আন্ত শিক্ষা বোর্ড সূত্র জানায়, এখন নিয়মানুযায়ী এইচএসসির ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রীর সময় চেয়ে চিঠি পাঠানো হবে। তিনি যেদিন সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে। সে ক্ষেত্রে আগামী শনি-রবিবার বা অন্য যেদিনই প্রধানমন্ত্রী সম্মতি দেবেন সেদিনই ফল প্রকাশ করা হবে।

আইনগুলো সংশোধন হওয়ায় এখন বিশেষ পরিস্থিতিতে অতিমারি, মহামারি, দৈব-দুর্বিপাকের কারণে বা সরকার কর্তৃক সময় সময় নির্ধারিত কোনো পরীক্ষা অনিবার্য পরিস্থিতিতে গ্রহণ করা সম্ভব না হলে কোনো বিশেষ বছরে শিক্ষার্থীদের জন্য পরীক্ষা ছাড়াই বা সংক্ষিপ্ত সিলেবাসে পরীক্ষা গ্রহণ করে মূল্যায়ন এবং সনদ প্রদান করা যাবে।

গত বছর ১১টি শিক্ষা বোর্ডের ১৩ লাখ ৬৫ হাজার ৭৮৯ জন শিক্ষার্থীর এইচএসসি ও সমমানের পরীক্ষা দেওয়ার কথা ছিল। পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল সে বছরের ১ এপ্রিল। কিন্তু করোনাভাইরাসের প্রকোপ বাড়তে শুরু করলে ১৭ মার্চ থেকে দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়। এরপর গত ৭ অক্টোবর এক সংবাদ সম্মেলনে শিক্ষামন্ত্রী পঞ্চম ও অষ্টমের সমাপনীর মতো এইচএসসি পরীক্ষাও বাতিলের সিদ্ধান্তের কথা জানান।

এরপর জেএসসি-জেডিসির ফলকে ২৫ এবং এসএসসির ফলকে ৭৫ শতাংশ বিবেচনায় নিয়ে উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশের কথা জানানো হয়। কিন্তু আইনে পরীক্ষা ছাড়া পাবলিক পরীক্ষার ফল প্রকাশের কোনো বিধান না থাকায় সেটা সম্ভব হচ্ছিল না। অবশেষে শিক্ষা মন্ত্রণালয় আইন সংশোধন করে ফল প্রকাশের উদ্যোগ নেয়।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন