স্থানীয় সময় সকাল সাড়ে ১১টা নাগাদ এয়ার ইন্ডিয়ার একটি বিমানে করে টিকাগুলো ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা এই খবর নিশ্চিত করেছেন।
সব মিলিয়ে বাংলাদেশে সরকারিভাবে বিতরণের জন্য তিন কোটি ডোজ টিকা কেনার কথা রয়েছে।
বাংলাদেশের ঔষধ উৎপাদনকারী প্রতিষ্ঠান বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই টিকার আমদানি করছে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক নাজমুল হাসান পাপন টিকাগুলো গ্রহণ করবেন বলে কথা রয়েছে।
গত ৫ই নভেম্বর স্বাস্থ্য মন্ত্রণালয়, ভারতের সিরাম ইন্সটিটিউট এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের মধ্যে টিকা আমদানির বিষয়ে চুক্তি হয়।

এর আগে গত বৃহস্পতিবার (২১শে জানুয়ারি) এয়ার ইন্ডিয়ার একটি ফ্লাইটে ভারত থেকে উপহার হিসাবে পাঠানো ২০ লাখ ডোজ টিকা ঢাকায় পৌঁছায়।
ওই চালানের টিকা তেজগাঁওয়ে অবস্থিত ইপিআই-এর গুদামে সংরক্ষণ করা হয়।
যুক্তরাজ্যে উদ্ভাবিত অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকা ভারতে স্থানীয়ভাবে উৎপাদন করছে সিরাম ইন্সটিটিউট। এই টিকার ব্র্যান্ড নাম হলো ‘কোভিশিল্ড’।