চাঁদপুরের মতলব উত্তর উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের টরকীতে হাসপাতাল উদ্বোধন করলেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ। ১৭ জানুয়ারি রোববার দুপুরে হেলিকাপ্টারে করে তিনি উপজেলার সুলতানাবাদ ইউনিয়নের দক্ষিন টরকীতে উপস্থিত হন। পরে তিনি তাঁর বাবার নামে প্রতিষ্ঠিত আব্দুল ওয়াদুদ সরকার ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কল্যাণ হাসপাতাল উদ্বোধন করেন।
ওইসময় জেনারেল আজিজ আহমেদ বলেন, জাতির পিতার জন্মশত বার্ষিকীতে এই অনুষ্ঠানে আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করছি। আমি মতলবে এসেছি, সেনা প্রধান হিসাবে নয়, মতলবের সন্তান হিসাবে বাবার নামের হাসপাতালটি উদ্বোধন করতে। আপনারা যারা এখানে এসেছেন, আমি আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি।
সেনা প্রধান আরো বলেন, করোনাকালীন সময়ে রাষ্টের প্রয়োজনে যখন আমাদের সহযোগীতা চাওয়া হয়, তখন আমরা জীবনকে বাজি রেখে সমগ্র দেশে কাজ করেছি। দেশের যে কোন প্রয়োজনে সরকার কর্তৃক প্রদত্ত দায়িত্ব পালনে আমরা সর্বদা প্রস্তুত।
তিনি আরো বলেন, রোহিঙ্গা ইস্যু একটি রাজনৈতিক বিষয়, এ বিষয়টি নিয়ে আমাদের সরকার মানবিকতা, আন্তরিকতা ও দায়ত্বশীলতার সাথে কাজ করছেন।
ওইসময় উপস্থিত ছিলেন, চাঁদপুর-২ আসনের সংসদ সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি এ্যাড. নুরুল আমিন রুহুল, চাঁদপুরের জেলা প্রশাসক অঞ্জনা খান মজলিশ, মাহবুবুর রহমান পিপিএম বার, জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক আবু নঈম পাটোয়ারী দুলাল, চাঁদপুরের সিভিল সার্জন সাখাওয়াত উল্যাহ, মতলব উত্তর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এমএ কুদ্দুস, বিশিষ্ট সমাজ সেবক আনিস আহমেদ, কেন্দ্রীয় যুবলীগ নেতা এম ইসফাক আহসান, মতলব উত্তর উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা নুশরাত জাহান মিথেন, মতলব উত্তর উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাস, মতলব উত্তর থানার ওসি নাছির উদ্দিন মৃধা প্রমুখ।