POPULAR BD NEWS
Popular BD News Logo

করোনার চেয়েও আল্লাহ্কে বেশি ভয় পেতে হবে — সৈয়দ বাহাদুর শাহ্

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ৯:০৪ অপরাহ্ণ
করোনার চেয়েও বেশি ভয় পেতে হবে আল্লাহকে। যিনি করোনা সৃষ্টি করেছেন। ইমামে রাব্বানী দরবার শরীফের পীর আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী এ কথা বলেন।
 তিনি পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহা সমাবেশে সভাপতির বক্তব্যে আর বলেন, বাংলাদেশে ১৭ কোটি মুসলমান। কিন্তু প্রকৃত ইসলামের তথা কোরআন-সুন্নাহ্’র চর্চা না থাকায় দেশে ও সমাজে অশান্তি বিরাজ করছে। অদৃশ্য ভয়ে সত্য প্রচার থেকে বিরত থাকছে। নির্দ্বিধায় মিথ্যাকে লালন করছে। সূফিবাদ ও ইলমে তাশাউফের চর্চার মধ্য দিয়ে নিজেকে মুত্বাকী ও ঈমানদার মুসলমান হিসেবে তৈরি করা সম্ভব। জঙ্গিবাদ, বোমাবাজি ও সন্ত্রাসী করে ইসলাম প্রতিষ্ঠিত করা সম্ভব নয়।
পঞ্চদশ শতাব্দীর মুজাদ্দিদ আওলাদে রাসূল দ. আল্লামা আবু নসর সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী রা. সম্পর্কে তিনি বলেন, বাংলাদেশে হাজার হাজার অমুসলিমকে তিনি মুসলমান বানিয়েছেন। লাখো ঈমানহারা মুসলমানকে আকাইদের সঠিক জ্ঞান দিয়েছেন। তাই বাংলাদেশের মানুষ এখনও গোমরাহী থেকে বেঁচে আহলে সুন্নাত ওয়াল জামা’আতের ছায়াতলে আসার সুযোগ পাচ্ছে।
তিনি আরও বলেন, আহলে সুন্নাতের কথা বলে কিছু ভন্ড শরীয়তের বিধি-বিধান মানছে না। তাদের থেকেও এই ফেৎনার যুগে আমাদেরকে শিক্ষা নিতে হবে।
শনিবার চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার বিশ্ববিখ্যাত দ্বীনী পাঠশালা ইমামে রাব্বানী দরবার শরীফে প্রতি বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হয়েছে পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহা সমাবেশ।
জানা গেছে, আন্তর্জাতিক ইসলাম প্রচারক, হাদীয়ে দ্বীন ও মিল্লাত, সানী ওয়ায়েস কুরুনী, ইমামে রাব্বানী, মূর্শিদে বরহক, আওলাদে রাসূল দ., অলিয়ে কামেল, মুজাদ্দেদে জামান, কাইউমে জামান, ইমামে আহলে সুন্নাত পীরে কামেল আবু নসর আল্লামা সৈয়দ মোহাম্মদ আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রাহ. বাংলাদেশে সর্বপ্রথম পবিত্র ওরছে নববী দ. প্রতিষ্ঠা করেন।
হযরত আবেদ শাহ্ মোজাদ্দেদী রাহ. এর ওফাতের পর এর ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীণ পীর আওলাদে রাসূল দ. পীরে কামেল, অলিয়ে কামেল আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী আল আবেদী।
প্রতি বছর পৌষ মাসের শেষ শনিবার পবিত্র ওরছে নববী দ. অনুষ্ঠিত হয়। সে মোতাবেক ২০২১ সালের ৯ জানুয়ারি শনিবার অনুষ্ঠিত হয়েছে ৫৭তম পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহাসমাবেশ।
পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহাসমাবেশে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আতের সভাপতি, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ এর চেয়ারম্যান ও ইমামে রাব্বানী দরবার শরীফের গদ্দীনশীণ পীর আলহাজ্ব আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী।
পয়গাম জানিয়েছেন ইমামে রাব্বানী দরবার শরীফের বড় সাহেবজাদা মাওলানা সৈয়দ আলমগীর শাহ্ মোজাদ্দেদী, সেজো সাহেবজাদা মাওলানা সৈয়দ জাহের শাহ্ মোজাদ্দেদী, সৈয়দ নাছির শাহ্ মোজাদ্দেদী, ছোট সাহেবজাদা সৈয়দ মাহমুদ শাহ্ মোজাদ্দেদী, মেজো সাহেবজাদা মাওলানা সৈয়দ জাহান শাহ্ মোজাদ্দেদী রাহ.’র বড় সাহেবজাদা সৈয়দ মাখদুম শাহ্ মোজাদ্দেদী।
প্রতি বছরের ন্যায় এবারও লক্ষাধিক মানুষের সমাগম হয় পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহা সমাবেশের বিশাল ময়দানে।
দরবার শরীফ সূত্রে জানা গেছে, পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহাসমাবেশ উপলক্ষে শনিবার সকাল থেকে পবিত্র খতমে কোরআন, খতমে খাজেগান, খতমে গাউছিয়া, মাগরিবের নামাজের পর হযরত আবেদ শাহ্ মোজাদ্দেদী আল মাদানী রাহ. এর মাজারে গিলাফ জড়ানো এবং রাতব্যাপী নসীহতমূলক আলোচনা ও জিকিরের আয়োজন করা হয়েছে।
ইমামে রাব্বানী দরবার শরীফের খলিফা ও আঞ্জুমানে হেলালীয়া দরবার শরীফের পীর আল্লামা মোশারফ হোসেন হেলালী,  বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামা’আত চাঁদপুর জেলা সভাপতি ও ঘণিয়া সাঈদীয়া দরবার শরীফের বড় সাহেবজাদা আল্লামা নাজমুল হক আখন্দ নক্সবন্দী, সাধারণ সম্পাদক ও চান্দ্রা দরবার শরীফের পীর ড. এসএম হুজ্জাতুল্লাহ্ নক্সবন্দী শতাধিক ওলামা-মাশায়েখ পবিত্র ওরছে নববী দ. ও সুন্নী মহা সমাবেশে ত্বাকরীর পেশ করেন।
রবিবার ফজরের নামাজের পূর্বে বিশ্ব শান্তি কামনায় আল্লামা সৈয়দ মোহাম্মদ বাহাদুর শাহ্ মোজাদ্দেদী বিশেষ মোনাজাত করেন।
পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন