POPULAR BD NEWS
Popular BD News Logo

চাঁদপুরের দুই কৃতী সন্তান ক্র্যাবের সভাপতি মিজান মালিক ও সাধারন সম্পাদক আলাউদ্দিন আরিফ

পপুলার বিডিনিউজ রিপোর্ট | প্রকাশিত: জানুয়ারি ১০, ২০২১ | সময়: ১১:১০ পূর্বাহ্ণ

বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক যুগান্তরের মিজান মালিক। আর সাধারণ সম্পাদক হয়েছেন আলাউদ্দিন আরিফ।

শনিবার (৯ জানুয়ারি) ক্র্যাব ভবনে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। মোট ১৩টি পদের মধ্যে ২৪জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সন্ধ্যায় নবনির্বাচিত দফতর সম্পাদক এস. এম. ইসমাঈল হুসাইন ইমু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, সভাপতি পদে দৈনিক যুগান্তরের মিজান মালিক পেয়েছেন ১৫৯ ভোট। একই পদে অপর প্রার্থী দৈনিক বাংলাদেশ প্রতিদিনের মির্জা মেহেদী তমাল পেয়েছেন ১০৪ ভোট। অন্যদিকে সাধারণ সম্পাদক পদে আলাউদ্দিন আরিফ ১৫০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী আসাদুজ্জামান বিকু পেয়েছেন ১০৯ ভোট।

সহ-সভাপতি পদে নিত্য গোপাল তুতু ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রার্থী মুহা. জাহাঙ্গীর আলম পেয়েছেন ১২০ ভোট। যুগ্ম সম্পাদক পদে হাসান-উজ-জামান ১৪৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল লতিফ রানা পেয়েছেন ১০৫ ভোট। অর্থ সম্পাদক পদে মো. এমদাদুল হক খান ১৫৯ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী হরলাল রায় সাগর পেয়েছেন ৯৬ ভোট।

সাংগঠনিক সম্পাদক পদে শাহরিয়ার আরিফ ১৫৮ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপর প্রার্থী দিপন দেওয়ান পেয়েছেন ৯৬ ভোট। প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রুদ্র মিজান ১৭৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী খন্দকার হানিফ রাজা পেয়েছেন ৭২ ভোট। ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফ বাবলু ১৪১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। অপরপ্রার্থী জাহাঙ্গীর হোসেন বাবু পেয়েছেন ৮৩ ভোট।

দফতর সম্পাদক পদে এস. এম. ইসমাঈল হুসাইন ইমু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। এছাড়া প্রশিক্ষণ ও তথ্য প্রযুক্তি সম্পাদক পদে সাজ্জাদ মাহমুদ খান, আন্তর্জাতিক সম্পাদক পদে রুদ্র রাসেল এবং কল্যাণ সম্পাদক পদে নাহিদ তন্ময় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

কার্যনির্বাহী সদস্যের তিনটি পদে প্রার্থী ছিলেন তিন জন। ১৫৯ ভোট পেয়ে প্রথম সদস্য হয়েছেন গোলাম সাত্তার রনি, ১৪৩ ভোট পেয়ে দ্বিতীয় সদস্য হয়েছেন এস. এম মিন্টু হোসেন এবং ১১২ ভোট পেয়ে কাজী জামশেদ নাজিম তৃতীয় সদস্য হয়েছেন।

মোট ২৮১ জন ভোটারের মধ্যে ২৭০টি ভোট পড়েছে। তিন সদস্যের নির্বাচন পরিচালনা কমিটির চেয়ারম্যান ছিলেন ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের বিশেষ প্রতিনিধি পারভেজ খান। অপর দুই সদস্য হলেন দৈনিক জবাবদিহির নির্বাহী সম্পাদক তৌহিদুর রহমান ও সিনিয়র সাংবাদিক আহমদ আতিক।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন