চাঁদপুরে ২২তম জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর বহুল প্রতীক্ষিত ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ফাইনালে ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দলকে ৩-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে চাঁদপুর সদর উপজেলা ফুটবল দল।
শনিবার (২৮ নভেম্বর) বিকেল ৩টায় চাঁদপুর জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনাল খেলায় মুখোমুখি হয় চাঁদপুর সদর উপজেলা ও ফরিদগঞ্জ উপজেলা ফুটবল দল। ম্যাচের প্রথমার্ধের ১৬ মিনিটে ১০ নম্বর জার্সি পরিহিত সোহেলের গোলে এগিয়ে যায় চাঁদপুর সদর উপজেলা। এরপর প্রথমার্ধের ২১ মিনিটে ২০ নম্বর জার্সি পরিহিত শাওনের গোলে ব্যবধান দ্বিগুণ করে দলটি।
দ্বিতীয়ার্ধের ৭ মিনিটে ফ্রি-কিক থেকে সতীর্থের ক্রসে হেডের মাধ্যমে দলের তৃতীয় গোলটি করেন ৩ নম্বর জার্সি পরিহিত ডিফেন্ডার আশিক। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ৩-০ গোলের ব্যবধানে জয় নিয়ে মাঠ ছাড়ে চাঁদপুর সদর উপজেলা দল। এর মধ্য দিয়ে টুর্নামেন্টের শিরোপা নিজেদের করে নেয় সদর উপজেলা।
খেলা শেষে বিজয়ী ও রানার্সআপ দলের খেলোয়াড়দের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহম্মেদ মানিক। বক্তব্যে তিনি বলেন, আজকের খেলাটি অনেক সুন্দর হয়েছে। দুই দলের খেলোয়াড়রাই চমৎকার নৈপুণ্য প্রদর্শন করেছেন। আমরা চাই, আমাদের তরুণ প্রজন্ম মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে থেকে আবারও খেলার মাঠে ফিরে আসুক। খেলাধুলা তরুণদের শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
তিনি আরও বলেন, জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়েছে। চাঁদপুরের ফুটবলের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে আমরা কাজ করতে চাই। খুব শিগগিরই চাঁদপুরে ফুটবল লীগ শুরু হবে। এর মাধ্যমে স্থানীয় পর্যায়ে নতুন নতুন খেলোয়াড় তৈরি হবে এবং ফুটবলের প্রতি তরুণদের আগ্রহ আরও বাড়বে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুর-৫ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মমিনুল হক, চাঁদপুর-৪ আসনের সংসদ সদস্য আলহাজ এম এ হান্নান, জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক আহমেদ জিয়াউর রহমান।
সাংবাদিক ও উপস্থাপক এম আর ইসলাম বাবুর পরিচালনায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন চাঁদপুর প্রেসক্লাবের সভাপতি সোহেল রুশদী, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম এন জামিউল হিকমা, ফরিদগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক, চাঁদপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রত্যয় হাশেম, জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল, জেলা বিএনপির সহ-সভাপতি দেওয়ান মো. সফিকুজ্জামান, খলিলুর রহমান গাজী, ফেরদৌস আলম বাবু, ডি এম শাহাজাহান ও শরীফ মো. ইউনুস, সদর উপজেলা বিএনপির সভাপতি শাহজালাল মিশন, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশ, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ বাহার, জেলা ছাত্রদলের আহ্বায়ক ইসমাইল হোসেন পাটওয়ারী, সদস্য সচিব জিয়াউর রহমান সোহাগসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক, খেলোয়াড় ও ক্রীড়াপ্রেমী দর্শকরা।