চাঁদপুর-কুমিল্লা সড়কে চলন্ত বাসেই জন্ম নিলো এক ফুটফুটে ছেলে সন্তান। বুধবার আইদি পরিবহনের একটি বাসে এ ঘটনা ঘটে। এসময় বাসের যাত্রী, চালক ও স্টাফদের সহযোগিতা মানবতার অনন্য দৃষ্টান্ত হয়ে উঠে।
প্রত্যক্ষদর্শীরা জানান, চাঁদপুর ওয়ারলেস থেকে এক দম্পতি তাদের দুই সন্তানসহ বাসে ওঠেন। জগৎপুর বাজার পার হওয়ার পর ওই পুরুষ যাত্রী চালককে সামনে হাসপাতাল আছে কিনা জিজ্ঞেস করেন। চালক মুদাফরগঞ্জ বাজারের কথা জানান।
এরপর মুদাফরগঞ্জ বাজার পার হয়ে বাস বিজরা বাজারের কাছাকাছি আসলে ওই ব্যক্তি চিৎকার করে বাস থামাতে বলেন। তিনি জানান, তার স্ত্রী অসুস্থ হয়ে পড়েছেন। পরে আবার এসে বলেন, তার স্ত্রীর ডেলিভারি হচ্ছে।
বিষয়টি বুঝতে পেরে এক যাত্রী এগিয়ে গিয়ে দেখেন শিশুর মাথা বের হয়ে গেছে। তাৎক্ষণিকভাবে বিজরা বাজারে বাস থামানো হয়।
পরে পাশের একটি হাসপাতালে গিয়ে ওই যাত্রী নার্সদের বিষয়টি জানান। প্রথমে হাসপাতালে ডাক্তার না থাকায় নার্সরা যেতে চাইছিলেন না। পরে ফোনে ডাক্তারের সঙ্গে কথা বলে অনুরোধ করলে ডাক্তার আসতে রাজি হন এবং নার্সরা বাসে গিয়ে প্রসূতি মাকে সহায়তা করেন।
এসময় বাসের সকল যাত্রী নেমে গিয়ে সহযোগিতা করেন। চালক ও স্টাফদের বুঝিয়ে বাসটি সেখানে রাখা হয়। কিছুক্ষণ পর বাসের মধ্যেই ফুটফুটে এক ছেলে সন্তানের জন্ম হয়।
নবজাতকের জন্মের খবরে বাসের সব যাত্রী আনন্দে উল্লসিত হয়ে ওঠেন। পরে আইদি পরিবহন কর্তৃপক্ষ অন্য একটি বাসে যাত্রীদের গন্তব্যে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করে।
প্রত্যক্ষদর্শীরা জানান, ডেলিভারির তারিখ থাকায় ওই দম্পতি শ্বশুরবাড়িতে যাচ্ছিলেন। পথিমধ্যেই প্রসব বেদনা শুরু হয়।
মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য – এই ঘটনাটি যেন আবারও সেই কথাটিই মনে করিয়ে দিলো।