POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে চুরি হওয়া প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার, গ্রেপ্তার ২

হাজীগঞ্জ প্রতিনিধি | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৭:১৩ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে চুরি হওয়া প্রায় ১৪ লাখ টাকা মূল্যের একটি প্রাইভেটকার সাতক্ষীরা থেকে উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৯ অক্টোবর হাজীগঞ্জ থানাধীন মকিমাবাদ এলাকা থেকে একটি টয়োটা এক্স-করোলা প্রাইভেটকার চুরি হয়। এ ঘটনায় হাজীগঞ্জ থানায় মামলা দায়ের করা হলে পুলিশ গাড়িটি উদ্ধারে অভিযান শুরু করে।

এরই ধারাবাহিকতায় গত ২৩ নভেম্বর গোপন সংবাদের ভিত্তিতে সাতক্ষীরা জেলার আশাশুনি থানা এলাকায় অভিযান চালিয়ে গাড়িটি উদ্ধার করা হয়। উদ্ধার করা গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর ঢাকা মেট্রো-গ-২৫-৩২১৯। ২০০৫ মডেলের সাদা রঙের গাড়িটির আনুমানিক মূল্য ১৪ লাখ টাকা।

পরবর্তীতে তদন্তে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে ঢাকার কদমতলী থানা এলাকায় অভিযান চালিয়ে রাশেদুল ইসলাম (৩৪) ও মো. হেলাল (৫৬) নামে দুজনকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা চুরির ঘটনায় জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে পুলিশ।

হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. কাওসার আলম ভূঁইয়া ও পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব শর্মার তত্ত্বাবধানে এসআই নূরে আলমসহ পুলিশের একটি দল এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার দুজনকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন