POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জে পৃথক ঘটনায় নারী ও পুরুষের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ

হাসান মাহমুদ | প্রকাশিত: নভেম্বর ২৫, ২০২৬ | সময়: ৭:০৮ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে পৃথক ঘটনায় জাকিয়া সুলতানা (২৫) নামের এক নারী ও মো. শাহিন হোসেন (২৭) নামের অপর এক পুরুষের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৫ নভেম্বর) দুপুরে পৌরসভাধীন কংগাইশ এলাকা থেকে ওই নারী এবং হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন থেকে যুবকের মরদেহ উদ্ধার করা হয়।

মঙ্গলবার দিবাগত রাতে হাজীগঞ্জ সদর ইউনিয়নের মাতৈন গ্রামের পাটওয়ারী বাড়ির নজরুল ইসলামের পরিত্যক্ত মুরগির ফার্মে বিদ্যুতের ক্যাবল চুরি করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মারা যায় মো. শাহিন হোসেন নামের ওই যুবক। খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার বিরুদ্ধে থানায় ডাকাতির মামলা ও ওয়ারেন্ট রয়েছে।

অপরদিকে নিহত ওই নারী কংগাইশ এলাকার গুড় বেপারী বাড়ির (মিঠাই বাড়ি) শাহাদাত হোসেনের স্ত্রী ও কুমিল্লা জেলার বরুড়া উপজেলার উত্তর ঘোষপাড়া নোয়া বাড়ির জাফর ইকবালের মেয়ে এবং নিহত যুবক হাজীগঞ্জ উপজেলার বড়কুল পশ্চিম ইউনিয়নের নাটেহরা গ্রামের নাছির সর্দার বাড়ির বিল্লাল হোসেনের ছেলে।

জাকিয়া সুলতানার চাচা জামশেদ আলম বলেন, ৮/৯ বছর আগে পারিবারিকভাবে বিয়ে হয় জাকিয়া সুলতানার। গত ২/৩ বছর ধরে তার স্বামী শাহাদাত হোসেন মাদকাসক্ত হয়ে পড়ে স্ত্রীকে শারিরিক নির্যাতন করতো। বিষয়টি নিয়ে কয়েকমাস পূর্বে শালিসি বৈঠক হয়। সবশেষ আজ সকালে জাকিয়া ফাঁস দিয়েছে।

তিনি অভিযোগ করে বলেন, আমার ভাতিজিকে তারা নির্যাতন করে মেরে ফেলেছে। এই ঘটনার পর তার স্বামী পালিয়ে গেছে। আমরা থানায় এসে তার শশুরের বাড়ির কাউকে দেখতে পাইনি। শুধুমাত্র তার দুই শিশু সন্তানের কথা চিন্তা করে জাকিয়া ঘর-সংসার করেছে। আজ তাকে মেরেই ফেললো। আমরা এর বিচার চাই।

এদিকে স্বামী শাহাদাত হোসেনের মুঠোফোন বন্ধ পাওয়ায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

বিষয়টি নিশ্চিত করে হাজীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. কাওসার আলম ভুঁইয়া বলেন, পৃথক ঘটনায় উদ্ধারকৃত দুইজনের মরদেহ ময়নাতদন্তের জন্য চাঁদপুর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় পৃথক অপমৃত্যু মামলা দায়ের ও তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন