আবু সালেহ রিমন (৩০) নামের মাদকাসক্ত যুবককে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড ও ২ হাজার টাকা অর্থদন্ড জরিমানা আরোপ করা হয়েছে। মঙ্গলবার (২৪ নভেম্বর ২০২৬) হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন এ আদালত পরিচালনা করেন। সাজাপ্রাপ্ত রিমন হাজীগঞ্জ উপজেলার ৮ নম্বর পূর্ব হাটিলা ইউনিয়নের মোঃ সাকির হোসেনের ছেলে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুযায়ী আদালত পরিচালনা করা হয়।
স্থানীয়রা ও ভ্রাম্যমান আদালত সূত্র জানায়, নেশাগ্রস্ত অবস্থায় রিমন স্থানীয় এক যুবককে মারধর করে দেশীয় আস্ত্র দিয়ে হামলার চেষ্টার অভিযোগো তাকে আটক করা হয়।
অপরদিকে রিমনের বাবা জানান, তার ছেলে আবু সালেহ রিমন দুবাই ও কাতারে প্রবাসজীবন শেষে দেশে ফেরার পর গত প্রায় এক বছর ধরে মাদকাসক্ত হয়ে পড়েন। মাদকাসক্ত অবস্থায় তিনি প্রায়ই তার স্ত্রীকে মারধর করতাে। এ কারণে অতিষ্ঠ হয়ে তাঁর স্ত্রী বাবার বাড়িতে চলে যেতে বাধ্য হন। এসব ব্যাপারে ছেলেকে কঠোরভাবে নিষেধ করা সত্ত্বেও রাতের আঁধারে বাড়িতে নিয়মিত মাদকের আসর বসাতেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করতেন।
স্থানীয়রা জানান, রিমন দীর্ঘদিন ধরে এলাকায় মাদক কারবারের সঙ্গে জড়িত থাকার অভিযোগে অভিযুক্ত এবং এলাকার যুবসমাজকে মাদকের দিকে ঠেলে দিচ্ছিলেন।
হাজীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ওমর সানী আকন জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারার বিধান লঙ্ঘন করে নেশাগ্রস্ত অবস্থায় জনসাধারণের শান্তি বিনষ্ট করার দায়ে আবু সালেহ রিমনকে এক বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ২ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
মাদকবিরোধী এ ধরনের মোবাইল কোর্ট অভিযান এলাকায় মাদক নিয়ন্ত্রণ ও জননিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন, হাজীগঞ্জ নিয়মিত অব্যাহত রাখবে