চলতি বছরের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার ৩০ শতাংশের নিচে থাকায় চাঁদপুরের ১৩টিসহ কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনস্থ ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বোর্ড কর্তৃপক্ষ। ফলাফলে এমন চরম বিপর্যয়ের কারণ খতিয়ে দেখতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর অধ্যক্ষদের মঙ্গলবার (২৪ নভেম্বর) বোর্ডের জরুরি সভায় সশরীরে উপস্থিত হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সোমবার (২৩ নভেম্বর) সকালে গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মো. আহসান পারভেজ।
শিক্ষা বোর্ডের তথ্যমতে, শোকজ পাওয়া চাঁদপুর জেলার ১৩টি প্রতিষ্ঠানের মধ্যে সবচেয়ে নাজুক ফলাফল হয়েছে চাঁদপুর বহুমুখী উচ্চবিদ্যালয় ও কলেজে, যেখানে পাসের হার মাত্র ১০ শতাংশ। এ ছাড়া বলাখাল মকবুল আহমেদ ডিগ্রি কলেজে ১২ দশমিক ৭৯ শতাংশ, সাচার ডিগ্রি কলেজে ১৭ দশমিক ৩৫ শতাংশ এবং কামরাঙ্গা উচ্চ বিদ্যালয় ও কলেজে ১৯ দশমিক ০৫ শতাংশ শিক্ষার্থী পাস করেছে। তালিকায় থাকা অন্য প্রতিষ্ঠানগুলোর মধ্যে লাউতলী ডা. রশীদ আহমেদ উচ্চ বিদ্যালয় ও কলেজে পাসের হার ২১ দশমিক ৪৩ শতাংশ, নাসিরকোট শহিদ স্মৃতি ডিগ্রি কলেজে ২৩ দশমিক ৪৪ শতাংশ, ফরক্কাবাদ ডিগ্রি কলেজে ২৩ দশমিক ৫০ শতাংশ, সুজাতপুর ডিগ্রি কলেজে ২৪ দশমিক ৭৪ শতাংশ, নিশ্চিন্তপুর ডিগ্রি কলেজে ২৪ দশমিক ৮৮ শতাংশ, চিতোষী ডিগ্রি কলেজে ২৫ দশমিক ৮৪ শতাংশ, মুন্সী আজিম উদ্দিন কলেজে ২৬ দশমিক ২৩ শতাংশ, নিন্দপুর মহীউদ্দীন খান আলমগীর হাই স্কুল অ্যান্ড কলেজে ২৭ দশমিক ৪৮ শতাংশ এবং কালীপুর উচ্চ বিদ্যালয় ও কলেজে ২৮ দশমিক ১৬ শতাংশ।
বোর্ড সূত্র জানায়, তলব করা মোট ৭৯টি শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সর্বোচ্চ ৩১টি প্রতিষ্ঠান কুমিল্লা জেলার। বাকিগুলোর মধ্যে নোয়াখালীর ১৫টি, চাঁদপুরের ১৩টি, লক্ষ্মীপুরের ১১টি, ব্রাহ্মণবাড়িয়ার ৫টি এবং ফেনী জেলার ৪টি প্রতিষ্ঠান রয়েছে। বোর্ডের পাঠানো চিঠিতে বলা হয়েছে, ৩০ শতাংশের কম শিক্ষার্থী পাস করায় সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে কেন বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সুস্পষ্ট কারণ ব্যাখ্যাসহ লিখিত জবাব দিতে হবে। পাশাপাশি মঙ্গলবার সকাল ১০টায় বোর্ডের অডিটোরিয়ামে অধ্যক্ষদের বিগত পাঁচ বছরের প্রশাসনিক ও একাডেমিক কাগজপত্রসহ সশরীরে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। উল্লেখ্য, এ বছর কুমিল্লা বোর্ডে গড় পাসের হার ছিল ৪৮ দশমিক ০৪ শতাংশ এবং জিপিএ-৫ পেয়েছিল ১ হাজার ৩১৩ জন শিক্ষার্থী।