POPULAR BD NEWS
Popular BD News Logo

মতলবের ইসমাইলসহ ২জন ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকায় গ্রেফতার

মাহফুজ মল্লিক | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ৭:৫৪ অপরাহ্ণ

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার মো. ইসমাইল হোসেন (৪২) ও মো. কাওছার পাটোয়ারী (৪১) নামে ২ মাদককারবারীকে ১১ হাজার পিস ইয়াবাসহ ঢাকার যাত্রাবাড়ী থেকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকায় অভিযান চালিয়ে রাজধানীর যাত্রাবাড়ীতে একটি প্রাইভেটকারের ড্যাশবোর্ড থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি টয়োটা অ্যালিয়ন প্রাইভেটকার ও দুটি মোবাইল ফোন জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃত মো. ইসমাইল হোসেন মতলব দক্ষিণ উপজেলার নায়েরগাঁও উত্তর ইউনিয়নের কাচিয়ারা ( খিদিরপুর) গ্রামের মৃত ওয়ালী উল্লাহর ছেলে এবং . কাওছার পাটোয়ারী একই এলাকার আব্দুর রব পাটোয়ারীর ছেলে। তারা দুজনেই নায়েরগাঁও উত্তর ইউনিয়ন যুবলীগ নেতা বলে স্থানীয়রা এলাকাবাসী জানান।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ঢাকা মেট্রো (দক্ষিণ) কার্যালয়ের উপপরিচালক মো. আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে যাত্রাবাড়ী থানার জনপদ মোড় এলাকায় অভিযান চালানো হয়। এ সময় কক্সবাজার থেকে ইয়াবা নিয়ে ঢাকায় আসা একটি টয়োটা অ্যালিয়ন প্রাইভেটকারের গতিরোধ করা হয়।

পরে গাড়িটি তল্লাশি করে ড্যাশবোর্ডের ভেতর থেকে ১১ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ সময় গাড়িতে থাকা ইসমাইল ও কাওছারকে গ্রেপ্তার করা হয়। তাদের ব্যবহৃত দুটি মোবাইল ফোন ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে।

আনোয়ার হোসেন বলেন, প্রাথমিক তথ্যে জানা গেছে, গ্রেপ্তার দুজন কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে প্রাইভেটকারে ঢাকায় নিয়ে আসতেন। পরে রাজধানীর বিভিন্ন এলাকায় সেগুলো সরবরাহ করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। শুক্রবার (২০ নভেম্বর) মামলাটি করা হয়।

মাদকদ্রব্যের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলেও জানান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের এই কর্মকর্তা।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন