POPULAR BD NEWS
Popular BD News Logo

হাজীগঞ্জের বড়কুলে বসতঘরে আগুন, ঘুমন্ত শিশুর মৃত্যু, আশঙ্কাজনক বোন

হাসান মাহমুদ | প্রকাশিত: নভেম্বর ২২, ২০২৬ | সময়: ৫:৪৪ অপরাহ্ণ

চাঁদপুরের হাজীগঞ্জে বসতঘরে ভয়াবহ অগ্নিকাণ্ডে ঘুমন্ত অবস্থায় এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় দগ্ধ হয়ে তার বোনকে আশঙ্কাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। রোববার বিকালে উপজেলার বড়কুল পূর্ব ইউনিয়নের আতিক মেম্বার বাড়িতে এ মর্মান্তিক ঘটনা ঘটে।

​নিহত শিশুর নাম মো. আনাছ হোসেন (২)। আগুনে দগ্ধ তার বোন মরিয়ম আক্তারকে গুরুতর অবস্থায় উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। তারা ওই বাড়ির মো. নাজির আহম্মেদের সন্তান।

​ পারিবারিক সূত্রে জানা যায়, রোববার বিকালে নাজির আহম্মেদ ও তার ভাই নেছার আহম্মেদের বসতঘরে হঠাৎ আগুন লাগে। ঘটনার সময় শিশুরা ঘরে ঘুমিয়ে ছিল। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ঘটনাস্থলেই এক শিশুর মৃত্যু হয় এবং অপর শিশুকে গুরুতর দগ্ধ অবস্থায় উদ্ধার করা হয়। অগ্নিকাণ্ডে নাজির আহম্মেদ ও নেছার আহম্মেদের দুটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায়।

​খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

​ঘটনার খবর পেয়ে হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইবনে জায়েদ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দেন।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন