মতলব উত্তর উপজেলায় আদালতের রায় পাওয়ার পরও নিজ জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারছেন না শাহনাজ বেগম নামে এক নারী। প্রতিপক্ষের বাধার পাশাপাশি জায়গায় থাকতে হলে এক লাখ টাকা চাঁদা দাবি করা হচ্ছে বলেও অভিযোগ তুলেছেন তিনি।
ভুক্তভোগী শাহনাজ বেগমের অভিযোগ, উপজেলার দুর্গাপুর ইউনিয়নের দুর্গাপুর খালপাড় এলাকায় তাঁর নিজস্ব জায়গা নিয়ে বিরোধের সৃষ্টি হয়। এ ঘটনায় তিনি চাঁদপুর আমলী আদালতের শরণাপন্ন হন। পরবর্তীতে আদালতের রায় তাঁর পক্ষে এলেও বশির গংয়ের লোকজন তাঁকে ওই জায়গায় বসবাস করতে বাধা দিচ্ছেন। এমনকি সেখানে থাকতে হলে এক লাখ টাকা চাঁদা দিতে হবে বলেও দাবি করা হচ্ছে।
শাহনাজ বেগম বলেন, আদালতের রায় পাওয়ার পরও যদি নিজের জায়গায় বসবাস করতে না পারি, তাহলে সাধারণ মানুষ আইনের আশ্রয় নিয়ে কিভাবে ন্যায়বিচার পাবে? আমি আমার নিজস্ব জায়গায় শান্তিপূর্ণভাবে বসবাস করতে চাই। প্রতিপক্ষের বাধা ও চাঁদা দাবির ঘটনায় আমি নিরাপত্তাহীনতায় ভুগছি।
তিনি আরও জানান, এ ঘটনায় সংশ্লিষ্ট প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছেন। যাতে আদালতের রায়ের যথাযথ বাস্তবায়ন হয় এবং তিনি নিজের জায়গায় নিরাপদে বসবাস করতে পারেন।
এ বিষয়ে অভিযুক্ত বশিরের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেনি।