প্রবল ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে গত তিন দিন ধরে চাঁদপুরে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। এতে জেলার বিভিন্ন স্থানে কৃষিজমি ও ইটভাটার ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পাশাপাশি স্বাভাবিক জনজীবন ও যাতায়াত ব্যবস্থায় স্থবিরতা নেমে এসেছে। শনিবার পর্যন্ত জেলায় ৬০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, টানা বৃষ্টিতে জেলার ২০৩ হেক্টর ভুট্টা, ১৯৫ হেক্টর শাকসবজি, ১০৫ হেক্টর সরিষা ও ৮ হেক্টর বীজতলা ক্ষতিগ্রস্ত হয়েছে। পাশাপাশি আমন ধানও বৃষ্টির কারণে ক্ষতির মুখে পড়েছে। এতে দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা।
কৃষির পাশাপাশি জেলার অধিকাংশ ইটভাটায় বৃষ্টির কারণে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বৃষ্টিতে কাঁচা ইট নষ্ট হওয়ায় উৎপাদন ও সরবরাহ কার্যক্রম ব্যাহত হচ্ছে।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি কমে গেছে। টানা বৃষ্টিতে রাস্তাঘাটে মানুষের চলাচল কমে যাওয়ায় আয় কমেছে রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের চালকদের। সব মিলিয়ে ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার কৃষি, ব্যবসা-বাণিজ্য ও জনজীবনে বিরূপ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।