স্কুল ব্যাগে করে ইয়াবা পাচারকালে মতলবের হাসিম খাঁন (৩৫) নামক এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২০ নভেম্বর)শহরের কালিবাড়ি ওয়ান মিনিটের মোড় সংলগ্ন সাধনা ঔষধালয়ের সামনে চাঁদপুর মডেল থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে চাঁদপুর শহরে মাদকবিরোধী বিশেষ অভিযান চালিয়ে স্কুল ব্যাগে থাকা ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ হাশিম খান (৩৫) নামে যুবককে আটক করে।
আটককৃত হাশিম খান চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের ডিঙ্গাভাঙ্গা গ্রামের খান বাড়ির বাসিন্দা।
উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য সাড়ে ৮ লাখ টাকা বলে জানান পুলিশ।
মডেল থানা পুলিশ সূত্রে জানা গেছে নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে ওই এলাকায় মাদক কেনাবেচার খবর পেয়ে মডেল থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালায়। এ সময় ওই যুবকের সাথে থাকা স্কুল ব্যাগটি তল্লাশি করা হয়। পরে ওই স্কুলব্যাগের ভেতর থেকে ২ হাজার ৮৩৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, উদ্ধার করা ইয়াবা বিক্রির উদ্দেশ্যে নিজের হেফাজতে রেখেছিলেন যুবক। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।