ঘূর্ণিঝড় আকভানের প্রভাবে চাঁদপুরে দুই দিন ধরে টানা বৃষ্টি ও বৈরী আবহাওয়া বিরাজ করছে। শুক্রবার সকাল পর্যন্ত জেলায় ৪০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এতে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীসংখ্যা কমে যাওয়াসহ বিভিন্ন পেশার মানুষের দৈনন্দিন জীবনে প্রভাব পড়েছে।
চাঁদপুর জেলা আবহাওয়া কর্মকর্তা এসএম শোয়েব জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে জেলার বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হচ্ছে। আগামী দুই থেকে তিন দিন আবহাওয়া বৈরী থাকতে পারে। সাগর ও নদী উত্তাল থাকায় সতর্কসংকেত বলবৎ রয়েছে।
বৈরী আবহাওয়ার কারণে চাঁদপুর লঞ্চঘাটে যাত্রীদের উপস্থিতি কমেছে। ঝুঁকি এড়াতে অনেক যাত্রী বড় লঞ্চের জন্য অপেক্ষা করছেন। বৃষ্টিতে যাত্রী কম পাওয়ায় রিকশা, অটোরিকশা ও সিএনজিচালিত যানবাহনের চালকদের আয় কমেছে।
এদিকে, মাছঘাটেও ক্রেতাদের উপস্থিতি কম থাকায় বেচাকেনায় ভাটা পড়েছে। তবে প্রতিকূল আবহাওয়া উপেক্ষা করে জীবিকার তাগিদে ঝুঁকি নিয়ে নদীতে মাছ ধরছেন জেলেরা। ফলে ঘূর্ণিঝড়ের প্রভাবে চাঁদপুরের নৌযান চলাচল, ব্যবসা-বাণিজ্য ও শ্রমজীবী মানুষের জীবনে বিরূপ পরিস্থিতি তৈরি হয়েছে।