দেশব্যাপী নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে চাঁদপুরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম, চাঁদপুর জেলা।
বৃহস্পতিবার দুপুরে আদালত প্রাঙ্গণে এই কর্মসূচি পালন করা হয়।
বক্তারা দেশব্যাপী নিষিদ্ধ সংগঠনের যেকোনো সন্ত্রাসী কর্মকাণ্ড ও নৈরাজ্যের বিরুদ্ধে আইনজীবীদের ঐক্যবদ্ধ অবস্থান তুলে ধরেন। বিক্ষোভ সমাবেশ শেষে আদালত প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়।
চাঁদপুর জেলা আইনজীবী ফোরামের সভাপতি শরীফ মাহমুদ ফেরদৌস শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জসিম মেহেদীর সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন পিপি কোহিনুর রশিদ, জিপি রফিকুল হাসান রিপন ও স্পেশাল পিপি শিরিন সুলতানা মুক্তা।
এ ছাড়া বক্তব্য রাখেন চাঁদপুর জেলা আইনজীবী সমিতির সভাপতি শামসুল ইসলাম মন্টু ও সাধারণ সম্পাদক জাকির হোসেন ফয়সাল। সমাবেশে আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য দেন আইনজীবী হারুনুর রশিদ, মনিরা বেগম চৌধুরী, আজহার উদ্দিন মিয়া, আবুল কালাম সরকার, রেহানা ইয়াসমিন কচি, শিরিন সুলতানা সুপ্তা, ইমরান হোসেন খান, নুরুল আমিন খান আকাশ, আক্তার সরকার, বাপ্পি হাওলাদার, আলম খান মঞ্জু, শামীম আহমেদ ও সোহেল আহমেদ।