চাঁদপুরের হাজীগঞ্জ পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের এসএসসি ও এসএসসি (ভোকেশনাল) ২০২৭ সালের পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা এবং শিক্ষার্থীদের সুবিধার্থে ভেন্ডিং মেশিন উদ্বোধন করা হয়েছে।
সোমবার (১৬ নভেম্বর) সকালে বিদ্যালয়ের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে সহকারী প্রধান শিক্ষক মুহাম্মদ আলী আকবরের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক মোঃ দেলোয়ার হোসেনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ইবনে আল জায়েদ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজীগঞ্জ উপজেলা ভারপ্রাপ্ত মাধ্যমিক শিক্ষা অফিসার মোহাম্মদ জাকির হোসেন, উপজেলা একাডেমিক সুপারভাইজার সুনির্মল দেউরী এবং বিদ্যালয়ের অভিভাবক সদস্য মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম ও শিক্ষার্থীদের বিভিন্ন সমস্যা ও সুযোগ-সুবিধা নিয়ে নিজেদের মতামত তুলে ধরেন। এ সময় উপস্থিত শিক্ষক ও অতিথিরা অভিভাবকদের বক্তব্য শোনেন এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ ও দিকনির্দেশনা দেন।
নির্বাচনী পরীক্ষার ফলাফল ঘোষণা শেষে শিক্ষার্থীদের স্বাস্থ্য ও ব্যক্তিগত পরিচ্ছন্নতার কথা বিবেচনায় বিদ্যালয়ে একটি ভেন্ডিং মেশিন উদ্বোধন করেন অতিথিরা। আয়োজকরা জানান, বিদ্যালয়পড়ুয়া শিক্ষার্থীরা অনেক সময় প্রয়োজনীয় স্যানিটারি প্যাড বাইরে থেকে কিনতে সংকোচ বোধ করে। শিক্ষার্থীদের এ ধরনের অসুবিধার কথা বিবেচনা করেই বিদ্যালয়ে ভেন্ডিং মেশিনটি স্থাপন করা হয়েছে। এর মাধ্যমে শিক্ষার্থীরা সহজে প্রয়োজনীয় স্যানিটারি প্যাড সংগ্রহ করতে পারবে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিরা উপস্থিত ছিলেন।