POPULAR BD NEWS
Popular BD News Logo

শাহমাহমুদপুরে কিশোর গ্যাংয়ের হামলায় মৃত্যুর সঙ্গে লড়ছেন দিনমজুর তৌহিদ

নিজস্ব প্রতিবেদক | প্রকাশিত: নভেম্বর ১৫, ২০২৬ | সময়: ২:৪৫ অপরাহ্ণ

চাঁদপুর সদর উপজেলার শাহমাহমুদপুর ইউনিয়নের ভাটেরগাঁও ইচুলী বাড়ির সামনে কিশোর গ্যাংয়ের ভয়াবহ হামলায় গুরুতর আহত দিনমজুর তৌহিদ এখন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থার অবনতিতে পুরো এলাকায় শোক ও উদ্বেগের সৃষ্টি হয়েছে। একজন অসহায় দিনমজুরের ওপর এমন বর্বর হামলার ঘটনায় ক্ষোভে ফুঁসছেন স্থানীয়রা। স্বজনদের আহাজারি আর তিন শিশুসন্তানের অনিশ্চিত ভবিষ্যতের চিন্তায় ভারী হয়ে উঠেছে এলাকার পরিবেশ।

গত শুক্রবার বিকেলে এ হামলার ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহত তৌহিদকে প্রথমে চাঁদপুর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। বর্তমানে তিনি সেখানে সংকটাপন্ন অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন।

তৌহিদ একজন দরিদ্র দিনমজুর। তাঁর উপার্জনের ওপর নির্ভরশীল পরিবারের সদস্যরা। তাঁর তিনটি শিশু সন্তান রয়েছে। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তির এমন সংকটাপন্ন অবস্থায় সন্তানদের ভবিষ্যৎ নিয়ে চরম অনিশ্চয়তায় পড়েছেন স্বজনরা। স্থানীয়দের মতে, এই হামলা শুধু একজন ব্যক্তিকে আহত করেনি, একটি অসহায় পরিবারকেও গভীর সংকটের মুখে ঠেলে দিয়েছে।

এদিকে হামলার ঘটনায় অভিযুক্ত হিসেবে ১০ জনের নাম-পরিচয় পাওয়া গেছে। তারা হলেন—আবদুল্লাহ, রাসেল, রানা, সজিব, রকি, হৃদয় গাজী, নাছির গাজী, মামুন, মারুফ ও রোমান। তাদের সবার বাড়ি শাহমাহমুদপুর ইউনিয়নের ছোট শাহতলী এলাকায় বলে জানা গেছে। এ ছাড়া হামলায় আরও ১০ থেকে ১৫ জনের সম্পৃক্ততার অভিযোগ রয়েছে।

স্থানীয় সূত্রের অভিযোগ, হামলার নেতৃত্বে ছিলেন রানা ও তাঁর ভাই সজিব। তাঁরা এলাকায় মাদক ব্যবসা, চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িত বলেও অভিযোগ রয়েছে। তাঁদের কর্মকাণ্ডে এলাকাবাসী অতিষ্ঠ বলে দাবি স্থানীয়দের।

এ ঘটনায় তৌহিদের পরিবারের পক্ষ থেকে চাঁদপুর মডেল থানায় মামলা করা হয়েছে। চাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ জানান, গতকাল তৌহিদের শারীরিক অবস্থা সংকটাপন্ন ছিল। তিনি তৌহিদের পরিবারের প্রতি আর্থিক সহযোগিতার হাত বাড়িয়েছেন। পাশাপাশি মামলার আসামিদের গ্রেপ্তারে পুলিশ চেষ্টা চালাচ্ছে।

তৌহিদের ওপর হামলার ঘটনা পুরো শাহমাহমুদপুর ইউনিয়নে ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে। স্থানীয়দের মধ্যে শোকের পাশাপাশি তীব্র ক্ষোভ বিরাজ করছে। একজন দরিদ্র দিনমজুরের ওপর এমন ভয়াবহ হামলার ঘটনায় এলাকাবাসী স্তম্ভিত। বিশেষ করে তিনটি শিশুসন্তানের ভবিষ্যৎ অনিশ্চিত হয়ে পড়ায় বিষয়টি স্থানীয়দের মধ্যে গভীর মানবিক উদ্বেগ তৈরি করেছে।

সচেতন মহলের দাবি, কেবল মামলা গ্রহণ বা আসামি শনাক্তের মধ্যে যেন পুলিশের কার্যক্রম সীমাবদ্ধ না থাকে। দ্রুত অভিযুক্তদের গ্রেপ্তার, ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং হামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত প্রত্যেককে আইনের আওতায় আনতে হবে। একই সঙ্গে এলাকায় মাদক ব্যবসা, চুরি-ছিনতাই ও কিশোর গ্যাংয়ের তৎপরতা বন্ধে বিশেষ অভিযান পরিচালনার দাবি জানিয়েছেন তাঁরা।

তিন শিশুসন্তান যেন বাবাকে হারানোর শঙ্কায় না থাকে, একটি অসহায় পরিবার যেন ন্যায়বিচার থেকে বঞ্চিত না হয়—এমন প্রত্যাশা স্থানীয়দের। তৌহিদের সুচিকিৎসা নিশ্চিত করার পাশাপাশি তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সমাজের বিত্তবান ও প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন এলাকাবাসী।

সর্বশেষ তথ্য অনুযায়ী, তৌহিদের অপারেশনের জন্য এই মুহূর্তে কয়েক লাখ টাকা প্রয়োজন বলে জানিয়েছে তাঁর পরিবার। কিন্তু দরিদ্র দিনমজুরের পরিবারের পক্ষে এত টাকা জোগাড় করা প্রায় অসম্ভব। এমন পরিস্থিতিতে তৌহিদের চিকিৎসা চালিয়ে যেতে হিমশিম খাচ্ছেন স্বজনরা। টাকার অভাবে তাঁর চিকিৎসা ব্যাহত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।

তৌহিদের জীবন বাঁচাতে ইতোমধ্যে এলাকাবাসীর উদ্যোগে বিভিন্ন জায়গা থেকে দান-অনুদান সংগ্রহ করা হচ্ছে। তবে সংগৃহীত অর্থ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। তাই তৌহিদের সুচিকিৎসা নিশ্চিত করতে সমাজের বিত্তবান ব্যক্তি, সামাজিক সংগঠন, জনপ্রতিনিধি ও প্রশাসনের মানবিক সহযোগিতা কামনা করেছেন তাঁর পরিবার ও এলাকাবাসী। তাঁদের প্রত্যাশা, সম্মিলিত সহযোগিতায় তৌহিদের চিকিৎসার ব্যয় নির্বাহ সম্ভব হবে এবং তিন শিশুসন্তান ফিরে পাবে তাদের বাবাকে।

এখন শাহমাহমুদপুরবাসীর একটাই দাবি—তৌহিদের ওপর হামলায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার করতে হবে, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে এবং এলাকায় সাধারণ মানুষের নিরাপত্তা ফিরিয়ে আনতে হবে।

পপুলার বিডিনিউজ | বস্তুনিষ্ঠতা প্রকাশে দুরন্ত
কার্যালয়: কেনাকাটা মার্কেট, ৪র্থ তলা, হাজীগঞ্জ, চাঁদপুর।
নিউজ ও বিজ্ঞাপন: ০১৭৫৬-৪৬৯৫০৫ | ইমেইল: newspopular2020@gmail.com

© 2026 পপুলার বিডিনিউজ — অনুমতি ছাড়া লেখা/ছবি/ভিডিও ব্যবহার বেআইনি
প্রিন্ট করুন